২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট নিয়ে বলার সময় আসেনি: এরশাদ

মহাজোটে থেকে কিছু না পেলেও শান্তিতে রাজনীতি করতে পারছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 04:40 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

যশোর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোটে থেকে কিছু না পেলেও শান্তিতে রাজনীতি করতে পারছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দলের যশোর জেলা সম্মেলনে তিনি বলেন, "অনেক আশা নিয়ে জোটে যোগ দিলেও সব পূর্ণ হয়নি। আবার একেবারে অপূর্ণও থাকেনি। তাই জোট সম্পর্কে এখনও বলার সময় আসেনি।" জাতীয় পার্টি ছাড়া আগামীতে কেউ সরকার গঠন করতে পারবে না মন্তব্য করে এরশাদ দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সাবেক এই সামরিক শাসক বলেন, "হাইকোর্টের রায় অনুযায়ী ৮৬ থেকে ৯০ সাল পর্যন্ত সময়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিলো। ওই রায় অনুযায়ী আমি স্বৈরাচার নই। আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলাম গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে।" যশোর জেলা দলের এই সম্মেলনকে অবৈধ ঘোষণার জন্য আবেদন করে আদালতে মামলা করেছে দলটির একটি অংশ। রোববার করা এই মামলায় এরশাদসহ ৫৫ নেতাকর্মীকে বিবাদি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, পার্টি চেয়ারম্যান অবৈধভাবে কমিটি ভেঙ্গে সম্মেলন করার অনুমোদন দিয়েছেন। আদালত বিবাদিদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন। এই মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়ে 'বিদ্রোহী' নেতাকর্মীদের উদ্দেশ্য করে এরশাদ বলেন, "বিএনপি-জামায়াত জোট আমলে ৪০টি মামলা খেয়েছি। দুর্ভাগ্য হচ্ছে এবার আমার দলের লোকজনই আমার বিরুদ্ধে মামলা করল।" শরিফুল ইসলাম সরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিংকন, হাসান সিরাজ সুজা, মোস্তকুর রহমান মস্তা, আবু সাঈদ স্বপন প্রমুখ। সম্মেলন শেষে শরিফুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং আলতাফ হোসেন রাজীবকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করেন পার্টি চেয়ারম্যান এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৫ ঘ.