ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনে গাড়িবোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
রোববার দুুপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রধান বিচারপতির বাসভবনের ল্যান্ড ফোনে ফোন করে এ হুমকি দেয়।
মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায়।
গত ১৮ নভেম্বর প্রধান বিচারপতির বাসভবনের সীমানায় অজ্ঞাতনামারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
প্রধান বিচারপতির ছেলে ফোন ধরার পর এ হুমকি দেওয়া হয়। দুপুরে কলার আইডি ফোনে এ হুমকি দেওয়া হলেও ফোনে কোনো নম্বর ওঠেনি বলে জানায় পুলিশ।
খায়রুল হকের ছেলের বরাত দিয়ে মঙ্গলবার পুলিশ জানায়, "ফোনে অজ্ঞাত ব্যক্তি বলে 'বেশি বাড়াবাড়ি করবেন না, এবার গাড়ি বোমা মারা হবে।"
রমনা থানার ওসি শিবলী নোমান এ ব্যাপারে রোববার একটি জিডি করেছেন।
শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের (বিটিআরসি) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোন নম্বর থেকে ফোন করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২১০৫ ঘ.
bdnews24