২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন'

সরকারি দলের 'প্রতিহিংসার' রাজনীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দলের 'প্রতিহিংসার' রাজনীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। দেলোয়ার বলেন, "জাতীয়তাবাদী আদর্শকে ধ্বংস করতে সরকার মারিয়া হয়ে উঠেছে। বিএনপি ও জিয়ার পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় তারা। খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ ওই প্রক্রিয়ারই অংশ।'' জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বর্তমান পরিস্থিতিকে 'সংকটজনক' অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, "দেশকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত করতে আজ আমাদের খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই।'' তিনি ভাসানীর আদর্শ অনুসরণের পরামর্শ দিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভাসানী ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ব্যক্তিত্ব। আজ তার মতো মানুষের বড়ই অভাব। কৃষক দলের শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদি আহমেদ রুমী ও অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক আবু সালেহ, নাজমুল হক নান্নু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৮ ঘ.