ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনি লড়াইয়ে হারার শঙ্কা থেকেই বিএনপি ৩০ নভেম্বর হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
হরতাল কর্মসূচি প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়া বিষয়ে আপিল আবেদনের শুনানি হওয়ার কথা ২৯ নভেম্বর। কিন্তু সে আইনি লড়াইয়ে তারা হেরে যাবে বলে হরতাল দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।"
গণতান্ত্রিক অধিকার হিসেবে হরতালের বিরোধিতা না করলেও কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
সাহারা বলেন, গত ১৪ নভেম্বরের হরতালের আগের দিন ও হরতালের দিন তারা (বিএনপি) ৩০টি গাড়িতে আগুন দিয়েছে এবং ব্যাপক ভাংচুর চালিয়েছে। এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
"তারা একজনের বাড়ি রক্ষার জন্য একের পর এক হরতাল ডাকছে। জনগণই এ হরতাল প্রত্যাখ্যান করবে", বলেন তিনি।
খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার বিষয়ে সাহারা বলেন, "বাড়ি তিনি নিজেই ছেড়েছেন। বাড়ি রক্ষা করার জন্য হরতাল করে তারা আদালত অবমাননা করছেন।"
বর্তমান সরকারের আমলে আগামী হরতাল বিএনপির ডাকা তৃতীয় হরতাল। গত ২৭ জুন প্রথম হরতাল ডাকে বিএনপি। এরপর খালেদা জিয়ার বাড়ি ছাড়ার প্রতিবাদে গত ১৪ নভেম্বর সারাদেশে হরতাল ডাকে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/আরএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24