ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মীর শওকত আলীকে সোমবার বিকালে বনানীর সামরিক কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মীর শওকত (৭২) মারা যান।
জাতীয় পতাকা ও সেনাবাহিনী বাহিনীর পতাকা আচ্ছাদিত মরহুমের কফিন বিকাল পৌনে ৪টার দিকে কবরে শায়িত করার সময়ে তিন বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। এতে তিন বাহিনীর প্রধান নেতৃত্ব দেন। এ সময়ে বিউগলে বেজে উঠে করুণ সুর। আকাশে গুলি ছুড়ে এই বীরকে সামরিক কায়দায় বিদায় জানানো হয়।
পরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর তিন বাহিনীর প্রধান তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।
পরে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেক্টার কমান্ডারস ফোরামের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দেওয়া হয়।
এর আগে সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ থেকে তার কফিন গাড়িতে কর্ডন করে বনানী কবরাস্থনে নিয়ে যাওয়া হয়।
দাফনের সময়ে মরহুমের স্ত্রী তাহমিনা শওকত, তিন মেয়ে সিনথিয়া, সোনিয়া ও তানিয়া উপস্থিত ছিলেন।
দাফন অনুষ্ঠানের পর জাতীয় পতাকা ও সেনা বাহিনীর পতাকা দুটি সেনাপ্রধান মরহুমের স্ত্রীর হাতে হস্তান্তর করেন।
এর আগে সকালে রাজধানীর লালবাগ শাহী মসজিদে প্রথম, নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় এবং সর্বশেষ সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে মরহুমের চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজায় মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজায় তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সৈনিকরা অংশ নেন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, সাবেক মন্ত্রী অলি আহমেদ, এম কে আনোয়ারসহ অনেক সাংসদ ও রাজনীতিক অংশ নেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষে প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অস্ত্র নামিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
পরে স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার শওকত আলী, প্রধান হুইপ আবদুস শহীদ, সরকারি দলের পক্ষে পক্ষ থেকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিরোধী দলের পক্ষে এম কে আনোয়ারসহ নেতারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ১০টায় প্রথম নামাজে জানাজা হয় পুরান ঢাকার লালবাগের শাহী মসজিদে। এরপর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হয়। এতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
মীর শওকতের মৃত্যুর পর তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচএ) হিমঘরে রাখা ছিলো।
স্ত্রী তাহমিনা শওকত তিন মেয়েকে নিয়ে রোববার বিকালে লন্ডন থেকে ঢাকায় আসেন। মীর শওকতের একমাত্র ছেলে মার্শাল শওকত বছর খানেক আগে লন্ডনে মারা যান।
মীর শওকতের কফিন সোমবার সকাল ৯টায় কফিন সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে গুলশানের মরহুমের বাসা 'মার্শাল হাউজ' এ আনা হয়। সেখানে পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মীর শওকত আলীর জন্ম ১৯৩৮ সালে। মুক্তিযুদ্ধে তিনি ৫ নং সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য তিনি বীরোত্তম খেতাব লাভ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্গঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে ইনফেন্ট্রি ব্রিগেড গঠন করে এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে চীফ অফ জেনারেল স্টাফ, ইনফেন্ট্রি ডিভিশন ও নবম পদাতিক ডিভিশনের প্রতিষ্ঠাতা জেনারেল স্টাফ অফিসার, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর নেন।
অবসরের পর তাকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জার্মানি, ব্রিটেন, মিশর, অস্ট্রিয়া, পর্তুগাল ও সুদানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে মীর শওকত রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি বিএনপির সহসভাপতি ছাড়াও ১৯৮৮ সালে ঢাকা মহানগর বিএনপির সভাপতি ছিলেন।
বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৭০১ ঘ.
bdnews24