২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নোয়াখালী চক্রই কাজটি করিয়েছে'

বিএনপি থেকে বহিষ্কারের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 'নোয়াখালী চক্র'কে দোষারোপ করেছেন সদ্য বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 08:25 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি থেকে বহিষ্কারের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 'নোয়াখালী চক্র'কে দোষারোপ করেছেন সদ্য বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। ধানমণ্ডিতে নিজের বাসবভনে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন নাজমুল হুদা। তিনি বলেন, "আমি এই বহিষ্কারাদেশ মানি না। আমার সঙ্গে বিএনপির সম্পর্ক এতো গভীর যে, কোনো চক্র তা উপড়ে ফেলতে পারবে না। নিজের সঙ্গে বিএনপি'র সম্পর্কের কথা তুলে ধরতে গিয়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে ইঙ্গিত করে সাবেক সহসভাপতি নাজমুল বলেন, "তিনি কি ভুলে গেছেন এ বাড়িতে কত বৈঠক হয়েছে। নীরুকে বহিষ্কারের সিদ্ধান্তও হয় এ বাড়িতে বৈঠক করে।" রোববার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী নাজমুল হুদাকে বহিস্কার করা হয়। গত বছর দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছিলো। নাজমুল হুদা গত শুক্রবার তার ধানমণ্ডির বাসভবনে সাংবাদিকদের কাছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নেপথ্যে তার কৌঁসুলিদের এবং ঈদের আগে হরতাল ডাকার বিষয়টি সসমালোচনা করেন। 'নোয়াখালী চক্রই কাজটি করিয়েছে' নাজমুল হুদা অভিযোগ করে, "জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্ব দখলকারী নোয়াখালী ভিত্তিক আইনজীবীদের বিরুদ্ধে কথা বলাটাই আমার জন্য 'কাল' হয়েছে। ওই চক্রটি ম্যাডামকে দিয়ে এই বহিস্কারের কাজটি করিয়েছে বলে আমি মনে করি।" তিনি আশাবাদী যে, খালেদা জিয়া নিজের উপলব্ধিতে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেবেন। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারে আবেদন জানাবেন কিনা জানতে চাইলে দলের সাবেক এই নেতা বলেন, "এই আবেদন মোটেও করতে হবে না। ম্যাডামের উপলব্ধিই আমার জন্য যথেষ্ট। তিনি এর আগে অনেকের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন। আমিও তা আশা করি।" নাজমুল হুদা বলেন, "দেশে জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থা, সীমানা নির্ধারণসহ নানা বিষয়ে বিদ্যমান সমস্যার সমাধান করে একটি সুস্থ ব্যবস্থা ফিরিয়ে আনতে আমি সংগ্রাম করব।" প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসার স্মৃতিচারণ করে নাজমুল হুদা বলেন, "জিয়াউর রহমান আমাকে অনেক সম্মান দিয়েছেন। বিএনপির গঠনতন্ত্র প্রণয়ন কমিটির ৯ সদস্যের একজন ছিলাম আমি। প্রথম স্থায়ী কমিটিরও সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম আমি। একই সঙ্গে আমাকে ওই কমিটির সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলেন তিনি।" নোয়াখালী চক্র সম্পর্কে রসিকতার সুরে হুদা বলেন, "মওদুদ ইজ এ চ্যাম্পিয়ান অব নোয়াখালী, নট ফর হোল কান্ট্রি। এটা যদি ঢাকায় সংক্রামক হয় তবে বাংলাদেশ টিকবে কিভাবে। এই আঞ্চলিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।" তিনি জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে তিনি কাজ করে যাবেন। 'দলীয় পদ দিতে কৃপণতা করেছেন ম্যাডাম' দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে নাজমুল হুদা বলেন, "ম্যাডামের সঙ্গে দেখা কিভাবে করব। তার আশপাশের চক্র ডিঙ্গিয়ে সাক্ষাৎ পাওয়া এখন দুস্কর।" খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক মন্ত্রী নাজমুল হুদা বলেন, "ম্যাডামও আমাকে অনেক কিছু দিয়েছেন। সরকারি পদ ও মন্ত্রীত্ব দিতে তিনি কার্পণ্য করেননি। তবে দলীয় পদ দিতে ম্যাডাম কৃপণতা করেছেন। আমাকে স্থায়ী কমিটির সদস্য করা হয়নি।'' তার বহিষ্কারের সিদ্ধান্তকে দুঃখজনক অভিহিত করে নাজমুল হুদা বলেন, "অভিমত রাখার স্থান হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি। আমাকে সেখানে নেওয়া হয়নি। তাহলে আমি আমার অভিমত কোথায় রাখবো। তাই আমার অভিমতগুলো গণমাধ্যমে তুলে ধরেছি। কিন্তু এমন কিছু বলিনি, যা দলের শৃঙ্খলার পরিপন্থি হয়েছে।" তিনি দাবি করেন, তার একমাত্র ঠিকানা বিএনপি। সেই দল থেকে তাকে কেউ সরাতে পারবে না। আগামী সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে প্রার্থী হবেন বলে আশাবাদও ব্যক্ত করেন। ঈদের আগে হরতালের বিরুদ্ধে তার অনঢ় অবস্থান পুর্নব্যক্ত করে নাজমুল হুদা বলেন, "ঈদের আগে মানুষের কেনাকাটা, বাড়ি যাওয়ার ক্ষেত্রে হরতাল দুর্ভোগের সৃষ্টি করে। আমি এ কথাটাই বলেছি। অন্যায় কিছু বলিনি। অথচ যারা হরতালের ডাক দিয়েছেন, ম্যাডামের উচিত ছিলো তাদেরকে শোকজ করা। কিন্তু তারাই ম্যাডামকে দিয়ে আমাকে বহিস্কার করিয়েছেন।" বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমি এ বিষয়টি পরীক্ষা করে দেখছি। তারপর সিদ্ধান্ত নেব। তবে আমি মনে করি, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে অবশ্যই নোটিশ অপরিহার্য।" দলের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে, দলের এই বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন বহিষ্কৃত এ নেতা। দুই নেত্রীকে এক করতে চান নাজমুল 'ইনডিপেন্ডেন্ট ল'ইয়ার্স ফোরাম' নামের একটি নতুন দলনিরপেক্ষ সংগঠন গঠন এবং দুই নেত্রীর ঐক্যমত্যের জন্য জনমত গঠনের পক্ষে কাজ করার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি। নাজমুল হুদা বলেন, "আমার অগ্রাধিকার কাজ হচ্ছে দুই নেত্রীর ঐকমত্যের জন্য জনমত গড়ে তোলা। এখন আমি আরো খোলা মনে এ বিষয়ে কাজ করতে পারবো। দুই নেত্রীকে এক টেবিলে বসিয়ে দেশের সব সমস্যার সমাধান আনতে হবে।" দুই নেত্রীর ঐক্যমত্যের জন্য নাজমুল হুদা জনমত গড়ে তোলার কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার ধ্যান-ধারণা থেকে দুই নেত্রীকে বেরিয়ে আসতে হবে। আন্দোলন হলে দেশে হানাহানি হয়। জনদুর্ভোগ বাড়ে। সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বাধাগ্রস্থ হয়। আমাদের জাতীয় সংসদে শতকরা ৬০ ভাগ সময় অপচয় হয় জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক নিয়ে কথা বলার কাজে। একে অপরের মধ্যে কামড়াকামড়ি করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। আমাদের নতুন প্রজন্মের জন্য এখন একটি স্বাধীন দেশ গড়ে তুলতে হবে।'' আন্দোলন করে ক্ষমতা হস্তান্তরের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুই নেত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগও আনা যায় বলে মন্তব্য করেন নাজমুল হুদা। সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "এখন সুপ্রিম কোর্টের অঙ্গনে রাজনৈতিক অপতৎপরতা চলছে। এটা বন্ধ করতে হবে। হাইকোর্টের একটি নিদের্শনা আছে- সুপ্রিম কোর্ট অঙ্গনে কোনো মিছিল মিটিং করা যাবে না। কিন্তু এখন দলীয় মতাদর্শের আইনজীবীরা তা মানতে চান না। তাহলে কিভাবে বিচার বিভাগ ও বিচারপতিরা স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/পিডি/২৩১৪ ঘ.