ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতেই সরকার এ কাজ করছে।
রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, "ঘটনার সময়কাল, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, র্যাব প্রধানের ঘটনাস্থলে আগমন এবং সাধারণ ডায়েরি করার সময় দেখে স্পষ্ট বোঝা যায়, পুরো ঘটনাটি সাজানো নাটক। মিথ্যা মামলা দিয়ে তারা (সরকার) আন্দোলনকে দাবিয়ে রাখতে এ ষড়যন্ত্র করেছে।"
গত বৃহস্পতিবার রাতে ঢাকার হেয়ার রোডে প্রধান বিচারপতির বাড়িতে দুটি হাতবোমা ছোড়া হয়। যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং খোন্দকার দেলোয়ারের ছেলে আখতার হামিদ পবন এতে জড়িত বলে সন্দেহ করেছে পুলিশ।
খোন্দকার দেলোয়ার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারকের বাসভবনে বোমা নিক্ষেপের নিন্দা জানান।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এজাহার অনুযায়ী, ঘটনা ঘটেছে ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টায়। থানায় এজহার হয়েছে সেদিন রাত ৯টায়। এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রীসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান একসঙ্গে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, আগে থেকেই ঠিক ছিলো- কর্ম ঘটানোর পর তারা (মন্ত্রীরা) চলে আসবেন।"
প্রধান বিচারপতির বাড়িতে বোমা নিক্ষেপের পর রাত সাড়ে ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছিলেন। সাড়ে ১১টার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।
সরকারকে হুঁশিয়ার করে দেলোয়ার বলেন, "মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করেছিলো, কিন্তু সফল হয়নি। এ সরকারও সফল হবে না।"
দেলোয়ার জানান, তার ছেলে পবন অসুস্থ এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সংসদে না যাওয়ার ইঙ্গিত
বর্তমান সংসদের সপ্তম অধিবেশনে বিএনপি যোগ দেবে কিনা জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, "সংসদে যাওয়ার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। যাওয়ার পরিবেশ নেই। বিরোধী দলের কোনো মুলতবি প্রস্তাবই স্পিকার গ্রহণ করেন না।"
"পরিবেশ না থাকলে আমাদের সংসদে যাওয়ার প্রশ্ন উঠে কীভাবে", প্রশ্ন করেন তিনি।
আগামী ৫ ডিসেম্বর সংসদের সপ্তম অধিবেশন শুরু হচ্ছে। প্রধান বিরোধী দল চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধিবেশনে যোগদান থেকে বিরত রয়েছে।
দেলোয়ার বলেন, "তারা (আওয়ামী লীগ) ব্র"ট মেজরিটি নিয়ে যা ইচ্ছা, তাই করছে। কেবল মেজরিটি থাকলেই সব করা যায় না। পাকিস্তানের নওয়াজ শরীফের মেজরিটি ছিলো; কিন্তু কীভাবে পতন হয়েছে, তা সবার জানা আছে।"
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা শামসুজ্জামান দুুদু, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১৭ ঘ.
bdnews24