২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কৌঁসুলিদের দুষলেন নাজমুল হুদা

খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি হারানোর জন্য তার কৌঁসুলিদের দায়ী করে তাদের ওপর একচোট নিলেন নাজমুল হুদা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি হারানোর জন্য তার কৌঁসুলিদের দায়ী করে তাদের ওপর একচোট নিলেন নাজমুল হুদা। পেশায় আইনজীবী হুদা মনে করেন, কৌঁসুলিদের ভুলেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ আসেনি। ঈদের আগে হরতাল ডাকাও ঠিক হয়নি বলে মনে করেন বিএনপির এ সহসভাপতি। গত ১৩ নভেম্বর সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয় খালেদাকে। বাড়ি ছাড়ার নোটিসের বিরুদ্ধে এর আগে হাইকোর্ট খালেদার আবেদন খারিজ করে। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের আবেদন করলেও হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ না আসায় ক্যান্টনমেন্ট বোর্ড নির্ধারিত সময়ে বাড়িটি খালি করার উদ্যোগ নেয়। সরকার পক্ষের কৌঁসুলিরা বলছেন, শুনানিতে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন খালেদার কৌঁসুলিরা পরিচালনা না করাতেই স্থগিতাদেশ আসেনি। তাদের বক্তব্যের সঙ্গেই সুর মিলিয়ে নাজমুল হুদা খালেদার আইনজীবীদের 'অদূরদর্শীতাকে' দায়ী করলেন। তিনি শুক্রবার তার ধানমণ্ডির বাড়িতে সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পাশাপাশি খালেদা জিয়ার আইনজীবীদের অবশ্যই আলাদাভাবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানানো উচিৎ ছিলো। এই আবেদনটি করলে বাড়ি ছাড়ার বিষয়ে হ্যাঁ বা না-সূচক একটি সিদ্ধান্ত আদালত থেকে পাওয়া যেত। "আমার কাছে মনে হয়েছে, আইনজীবীদের দূরদর্শিতার অভাবে এই ভুলটি হয়েছে। আইনজীবীরা ২৯ তারিখ উভয় আবেদনের শুনানির অপেক্ষায় বসেছিলেন। আর এ সুযোগে সরকার যা করার তাই করেছে", বলেন হুদা। আপিল বিভাগে শুনানিতে খালেদার কৌঁসুলিদের মধ্যে ছিলেন টিএইচ খান, মওদুদ আহমেদ, খোন্দকার মাহবুব হোসেন, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী মওদুদকে আক্রমণের লক্ষ্যবস্তু করেন হুদা। তার অতীত রাজনীতির প্রসঙ্গও টেনে আনেন তিনি। কিছু দিন আগে মওদুদের সঙ্গে রেশারেশিতেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ছাড়েন নাজমুল হুদা। বিএনপি সমর্থক আইনজীবীদের ওই ফোরামের সুপ্রিম কোর্ট শাখার কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান ব্যারিস্টার হুদা। খালেদার কৌঁসুলিদের অন্যতম মাহবুবউদ্দিন খোকন বর্তমানে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক। খালেদার বাড়ি নিয়ে ঈদের আগে হরতালেও নিজের অসন্তোষের কথা জানিয়েছেন নাজমুল হুদা। ১৩ নভেম্বর নয়া পল্টনে বিএনপির এক যৌথসভার পর হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। দলের সহসভাপতি হুদাকে সেদিন সভায় দেখা যায়নি। হুদা বলেন, "ঈদের আগে এরকম হরতাল ডাকার মাধ্যমে খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের সহানুভূতি বিভক্ত হয়েছে। তার প্রতি সরকারের ওই নির্দয় আচরণে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা ওই হরতালে ম্লান হয়ে গেছে।" "ঈদের পর হরতাল দিলে উত্তম হতো", বলেন তিনি। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দলীয় ফোরামের বাইরে আলোচনা করে এর আগেও দলে বিতর্কিত হন নাজমুল হুদা। বিএনপির এবারের কমিটিতে প্রথমে স্থান না পেয়ে দল ছাড়ার হুমকি দিয়েছিলেন তিনি। পরে তাকে সহসভাপতি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/এমআই/১৯১০ ঘ.