২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজাহার ছিঁড়ে নতুন মামলা করার অভিযোগ

হরতালের দিন নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের করা মামলার এজাহার ছিঁড়ে ফেলে নতুন করে এজাহার লেখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের দিন নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের করা মামলার এজাহার ছিঁড়ে ফেলে নতুন করে এজাহার লেখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে দলটি রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। জেলা বিএনপির অভিযোগ, তাদের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যেই মামলা দায়েরের ২২ ঘণ্টা পর আদালতে মামলার এজাহার না পাঠিয়ে বেআইনিভাবে এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত চাওয়া হয়েছে। এই মামলায় নেতাকর্মীসহ অজ্ঞাত তিনশ' জনকে আসামি করা হয়েছে। সোমবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা বিএনপির নেতারা সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন। পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সহসম্পাদক ও জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, রোববার শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় হরতাল পালনকালে বিএনপি নেতাকর্মীদের পুলিশ বেপরোয়া লাঠিপেটা করে। এতে আহত হয় ২০ জন নেতাকর্মী। পুলিশের লাঠিপেটা থেকে সাংবাদিকরাও বাদ পড়েনি। উল্টো হয়রানির উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। মামলার এজাহারে পাঁচজনের নাম স্পষ্টভাবে উল্লেখ করে অজ্ঞাত আরো আড়াই থেকে তিনশ' জনকে আসামি করা হয়েছে। তৈমুর আলম অভিযোগ করেন, সোমবার আসামিদের নারায়ণগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হলেও এজাহার পাঠানো হয়নি। সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল তৈমুর আলম খন্দকার আইনের ব্যাখা দিয়ে বলেন, প্রচলিত নিয়ামানুযায়ী আসামিদের আদালতে পাঠানোর আগে কিংবা সঙ্গে সঙ্গে এজাহার পাঠাতে হবে। কিন্তু সোমবার এজাহার না পাঠিয়ে আসামিদের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেন তৈমুর। বিকেল সাড়ে ৪টায় অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের বলেন, একটি মামলার এজাহার-ই করা হয়েছে। নতুন করে কোনো এজাহার করা হয়নি। তিনি আরো বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অযথা কোনো নেতাকর্মী কিংবা সাধারণ মানুষকে হয়রানি করা হবে না। সন্ধ্যায় থানার কর্তব্যরত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ আরো ২১ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হরতালের দিন শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, সুমন, আলী হোসেন, মানিক চন্দ্র সাহা, আফজাল মিয়া ও রাজু আহমেদকে। এদের মধ্যে রাজু আহমেদ ছাড়া বাকি পাচঁজনের নাম পুলিশের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছিলো। কিন্তু সোমবার নতুন করে নাম অন্তর্ভুক্ত করার সময় রাজু আহমেদসহ অন্যান্যদের নাম দেওয়া হয়। অন্য আসামিরা হলেন- পৌর যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সরকার আলম, যুগ্ম সম্পাদক রানা মুজিব, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, বিএনপি কর্মী ও সমর্থক সজীব, সজল, রাসেল, সাদেক, বাদল, মনির খান, মিলন, মামুন, পারভেজ, জিয়া, পাপ্পু, দিদার, আলাউদ্দিন খন্দকার শিপন, আতাউর রহমান ও লোকমান। এদিকে সোমবার বিকালে নারায়ণগঞ্জের বিচার বিভাগীয় আদালতে বিএনপি নেতা শাহীন আলমের পাঁচদিন হেফাজত চেয়ে আবেদন করা হয়। হাকিম শরিফুর রহমান আগামী ২১ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এছাড়া অপর আসামি রাজু আহমেদের বয়স ১৬ বছর হওয়ায় তাকে গাজীপুরে অবস্থিত শিশু কিশোর পুনর্বাস কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত। হরতাল চলাকালে শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আসাদুজ্জামান বাদি হয়ে রোববার সন্ধ্যায় মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও ভাংচুরের অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.