২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ১১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

হরতালের সময় রিকশা পোড়ানোর অভিযোগে সাভারের ১১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

সাভার, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় রিকশা পোড়ানোর অভিযোগে সাভারের ১১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার গভীর রাতে সাভার থানার সহকারী উপ-পরিদর্শক কাইসার মাতুব্বর মামলাটি (নম্বর-৪৪) দায়ের করেন। আসামিদের মধ্যে গ্রেপ্তার সাভার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া এবং ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হককে সোমবার কারাগারে পাঠানো হয়। এর আগে থানায় এ দু'জন সাংবাদিকদের বলেন, শনিবার রাতে নিজ নিজ বাড়ি তাদের গ্রেপ্তার করেছে। কিন্তু পুলিশ বলছে- রোববার ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অপর নয় আসামি হলেন-সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন, তেতুলঝোড়া ইউনিয়ন যুবদল সভাপতি আব্বাস খান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামান, ছাত্রদলকর্মী আব্দুল জলিল ও যুবদলকর্মী মো. মুকুল। মামলার নথি থেকে জানা যায়, হরতালের দিন সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের শিমুলতলা এলাকায় এক রিকশাচালককে আসামিরা প্রাণনাশের হুমকি এবং তার রিকশাটি ভাংচুর করে তাতে আগুন দেয়। পরে পুলিশ এসে আসামি ইলিয়াছ মিয়া ও ফজলুল হককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। অন্য আসামিরা পালিয়ে যায়। থানায় ইলিয়াছ মিয়া ও ফজলুল হক বলেন, হরতালের আগের রাতে পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। কিন্তু মামলার বাদী সাভার থানার সহকারী উপ-পরিদর্শক কাইসার মাতুব্বর বলেন, "রিকশা পোড়ানোর সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করেছি। মামলার আরেক আসামি তেতুলঝোড়া ইউনিয়ন যুবদল সভাপতি আব্বাস খান বলেন, "হরতালের দিন আমরা সাভারে যাইওনি। আমরা হেমায়েতপুরে মিছিল করেছি।" এ ব্যাপারে সাভার থানার ওসি মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.