২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনায় আটক ১০

কুষ্টিয়ার দৌলতপুরে সরকার দলীয় সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে আত্মঘাতি বোমা হামলার ঘটনায় দৌলতপুর থানায় দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

কুষ্টিয়া, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুরে সরকার দলীয় সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে আত্মঘাতি বোমা হামলার ঘটনায় দৌলতপুর থানায় দুটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতে ১০ জনকে আটক করেছে। পুলিশ জানায়, আত্মঘাতি বোমা হামলাকারির পরিচয় পাওয়া গেছে। তার নাম আহাদুল ইসলাম (২৫)। সে দৌলতপুর উপজেলার গুপিনাথপুর গ্রামের তারা চাঁদের ছেলে। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংসদ আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহমেদ বাদি হয়ে শনিবার রাতে দুটি মামলা দায়ের করেছেন। ওসি জানান, উভয় মামলায় ১০-১২ জনকে আসামি করা হলেও চার জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। এই চার জনের মধ্যে দুজন হলেন বোমা হামলায় নিহত সিদ্দিকুর রহমান ও আহাদুল ইসলাম। ওসি হাসান আরো জানান, ঘটনার পর থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদের মধ্যে একজন আহত অবস্থায় ধরা পড়েছে। সে হামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণে নিহত সিদ্দিকুর রহমান ও আহাদুল ইসলাম সম্পর্কে চাচাতো ভাই। সিদ্দিকুর এলাকায় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলো। আর আহাদুলকে স্থানীয়রা ভবঘুরে হিসেবেই জানতো। দলীয় কর্মী হিসেবে সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে সিদ্দিকুর রহমানের যাতায়াত ছিল। ঘটনার কিছুক্ষণ আগে থেকে সাংসদের বাড়ির সামনে সে ঘোরাঘুরি করছিল। ঘটনার পর গণমাধ্যমে সিদ্দিকুর রহমানকে যুবলীগ নেতা বা কর্মী হিসেবে প্রচার করা প্রসঙ্গে সাংসদের ছেলে দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আরিফ আহমেদ বলেন, "সিদ্দিক যুবলীগের কেউ না। যুবলীগের কোনো পদে তার নাম পাওয়া যায়নি। সে বোমা হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল।" দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি মোদাচ্ছির আহমেদও সিদ্দিকুরকে যুবলীগ নেতা বা কর্মী বলতে অস্বীকৃতি জানান। কুষ্টিয়ার সহকারি পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলামত থেকে বোঝা যাচ্ছে সাংসদকে হত্যার উদ্দেশ্যেই বোমা হামলা করা হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন।" উল্লেখ্য, শনিবার রাতে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে আত্মঘাতি বোমা হামলায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫২২ ঘ.