২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-রাজশাহীতে সংঘর্ষ, ধাওয়াধাওয়ি

বিএনপির ডাকা দেশব্যাপী রোববার সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রাম ও রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এছাড়া ছয় বিভাগে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 08:07 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা দেশব্যাপী রোববার সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রাম ও রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এছাড়া ছয় বিভাগে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামে পুলিশের লাঠিপেটায় মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। রাজশাহীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিএনপির অন্তত ২১ কর্মীকে আটক করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো সংবাদ: চট্টগ্রাম: বিএনপির ডাকা হরতালে চট্টগ্রামে পুলিশের লাঠিপেটায় মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ছয়জন নারীসহ মোট ১৯ জনকে আটক করেছে পুলিশ। নগরীর নূর আহম্মদ সড়কের নাসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে রোববার দুপুর সোয়া ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর নিয়ে এ ঘটনা ঘটে। এর আগে সেখানে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছিলো। পুলিশ জানিয়েছে, সমাবেশ স্থলের কাছেই বিএনপি সমর্থকরা অটোরিকশাটি ভাংচুর করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় বিএনপি সমর্থকদের হামলায় পুলিশের তিন সদস্যও আহত হয়। ওদিকে, আমির খসরু অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ সমাবেশ ভণ্ডুল করতে বাইরে থেকে কিছু লোক এসে অটোরিকশাটি ভাংচুর করে। তারপর পুলিশের হামলায় তিনিসহ ১০-১২ জন আহত হয়েছেন। রাজশাহী: রাজশাহীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংর্ঘষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিএনপির ২১ কর্মীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর ভূবন মোহন পার্কে সমাবেশ করছিল। এ সময় এক কর্মী ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। এর জের ধরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে নগরীর সাহেব বাজারের বিভিন্ন সংযোগ সড়কে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করে। তাদের পরিচয় পাওয়া যায়নি। বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পোড়ানোর পরিকল্পনার সময় পুলিশ এক কর্মীকে বাধা দিলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। আহতরা হলেন-মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর) মাহফুজুর রহমান, কনস্টেবল হাবিবুর রহমান, ওয়াহেদ, মাসুদ রানা, মোফাজ্জল হক ও নয়ন হোসেন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি কামরুজ্জামান শাহিন, এটিএন নিউজ'র সৌমিত্র মজুমদার, স্থানীয় দৈনিক সানশাইনের ফটো সাংবাদিক সামাদ খান ও শাহিদুল ইসলাম দুখু। সকাল ৮টার দিকে সাহেব বাজার এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি মিছিল হয়। রাজশাহী রেল স্টেশন থেকে সিল্কসিটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। নগরীর ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। ওদিকে ঈদের ছুটিতে রোববার সকাল ১০টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে বলা হলেও হরতালের কারণে অনেক শিক্ষার্থী যেতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. জাকারিয়া জানান, পরিস্থিতি বিবেচনায় তারা সোমবার সকাল পর্যন্ত থাকতে পারবে। সিলেট: নগরীতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। অভ্যন্তরীণ রুটে সব যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এসে জড়ো হয়। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সোয়া ৮টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়েছে পাহাড়িকা এক্সপ্রেস।" তিনি জানান, ঢাকা থেকে ভোর ৬টায় উপবন এক্সপ্রেস সিলেটে পৌঁছেছে। চট্টগ্রাম থেকে সাড়ে ৭টায় এসেছে উদয়ন এক্সপ্রেস। খুলনা: বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের অংশ হিসেবে খুলনায় রোববার ভোর ৬টা থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। খুলনা নগরীর পিটিআই মোড় থেকে সকাল সাড়ে ৭টার দিকে মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। হরতালের সমর্থনে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে খণ্ড খণ্ড মিছিল বের করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর দোকান ও শপিং কমপ্লেক্সগুলো বন্ধ রয়েছে। সকাল থেকেই স্বাভাবিকভাবে রিকশা চলাচল করছে। তিনি জানান, রেলস্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। তবে সোনাডাঙ্গা টার্মিনাল থেকে কোন বাস চলাচল করেনি। স্কুল, কলেজ ও ব্যাংক বন্ধ রয়েছে। নগরীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওসি জানান, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র‌্যাব ও পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু জানান, ভোর থেকেই দলের নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়ক ও ওয়ার্ডে মিছিল করছে। কোথাও কোন সংঘর্ষ বা কেউ গ্রেপ্তার হয়নি। বরিশাল: রোববার হরতালের দিন নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। নগরীর দোকান ও শপিং কমপ্লেক্সগুলো বন্ধ রয়েছে। সকাল থেকেই স্বাভাবিকভাবে রিকশা চলছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে সব লঞ্চ ও বাস ছেড়ে গেছে। তবে দূর পাল্লার কোন বাস চলছে না। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে শনিবার দুপুরে নগরীতে বিএনপির কর্মীরা পপুলার লাইফ ইন্সুরেন্সের একটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতেই কোতোয়ালী মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। কোতোয়ালী মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ ৭০ জনকে আসামি করে মামলা দুটি দায়ের করেছে। এছাড়া এ ঘটনায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়। রোববার দুপুরে পুলিশ কমিশনার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেট্রোপলিটন এলাকায় কোনো পিকেটিং, মিছিল বা ভাংচুর হয়নি। দূরপাল্লার বাস চলছে না। তবে অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।" পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, "শহরে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" রংপুর: দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। নগরীর দোকান ও শপিং কমপ্লেক্সগুলো বন্ধ রয়েছে। সকাল থেকেই স্বাভাবিকভাবে রিকশা চলাচল করছে। বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে খণ্ড খণ্ড মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগের কর্মীরাও পাল্টা মিছিল বের করে। তবে পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৭ ঘ.