চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালে চট্টগ্রামে পুলিশের লাঠিপেটায় মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর নূর আহম্মদ সড়কের নাসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর নিয়ে এ ঘটনা ঘটে। এর আগে সেখানে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার ডাকা হরতালের সকালে নগরীর পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও দুপুর ১২টার পর একাধিক স্থানে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ছয় নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিএনপি সমর্থকরা সমাবেশের পাশে অটোরিকশাটি ভাংচুর করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় বিএনপি সমর্থকদের হামলায় পুলিশের তিন সদস্যও আহত হয়।
ওদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসরু অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ সমাবেশ ভণ্ডুল করতে বাইরে থেকে কিছু লোক এসে অটোরিকশাটি ভাংচুর করে। তারপর পুলিশের হামলায় তিনিসহ ১০-১২ জন আহত হয়েছেন।
কতোয়ালী থানার টহল পরিদর্শক মো. নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকেই দলীয় কার্যালয়ে অবস্থান নিতে থাকে বিএনপির নেতাকর্মীরা। সেখানে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহদাৎ হোসেন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, দস্তগীর চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি কর্মীরা ওই অটোরিকশাটি ভাংচুর করে। এরপর পুলিশ তাদের ওপর চড়াও হয়। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।"
তিনি জানান, বিএনপি সমর্থকদের হামলায় মহিলা পুলিশসহ তাদের তিন সদস্য আহত হয়েছে। এ সময় সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে।
এ ঘটনার পর প্রেস ব্রিফিংয়ে আমীর খসরু বলেন, "আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনে সমাবেশ করছিলাম। এই শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করতে বাইরের লোক অটোরিকশাটি ভাংচুর করে। এরপর পুলিশ আমাদের ওপর হামলা চালায়।"
হামলা মহানগর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দস্তগীর চৌধুরী, বিএনপি সমর্থক ওয়ার্ড কমিশনার ইসমাইল বালীসহ কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
পুলিশ আরো জানায়, দুপুর ১২টার দিকে নগরীর কর্নেল হাট মোড়ে সড়ক অবরোধ করে বিএনপি কর্মীরা। এসময় তারা পুলিশের একটি গাড়ি ও দুটি বাস ভাংচুর করে। পুলিশ বাধা দিলে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে থাকে।
মহানগর পুলিশের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিকেটাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত করতে তিনটি গাড়ি ভাংচুর করে। গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলায় জড়িত ১২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই জন নারী পিকেটারও আছে।
তবে তিনি আটককৃতদের নাম জানাতে পারেন নি।
তানভীর আরাফাত আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে হালিশহর এলাকায় গাড়ি ভাংচুরের চেষ্টাকালে চারজন মহিলা পিকেটারকে আটক করা হয়। তারা হলেন- আঁখি সুলতানা (৩৩), রিয়া (২০), নূরজাহান (২০) ও নার্গিস (২০)। এর আগে সকালে ডবলমুরিং থানাধীন বাদামতলি মোড়ে একটি টেম্পু ভাংচুরের সময় এক পিকেটারকে আটক করা হয়।
এছাড়া নগরীর এনায়েত বাজার, লাভ লেন, নয়াবাজার ও ফইল্যাতলী বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু পিকেটিয়ের ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।
হরতালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস চলাচল করছে না। সকাল থেকে নগরীর অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচলও ছিলো খুব কম। নগরীর প্রধান সড়কগুলোয় প্রচুর রিকশা ছিলো।
তবে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকালে নির্ধারিত সব ট্রেন ছেড়ে যোয়। নৌবন্দরেও স্বাভাবিক কার্যক্রম চলছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের সব জেটিতে পণ্য ওঠা-নামার কাজ চলছে।
সীতাকুণ্ডের স্থানীয় সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার পর দূরপাল্লার বাস চলাচল করছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৫২৪ ঘ.
bdnews24