২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ: দেলোয়ার

হরতাল চলাকালে পুলিশ বিনা উস্কানিতে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 05:44 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে পুলিশ বিনা উস্কানিতে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করে খোন্দকার দেলোয়র দাবি করেন, দেশের জনগণ সর্বত্র স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করছে। তিনি বলেন, "এই হরতাল পালনের মধ্য দিয়ে জনগণ এই স্বৈরাচারী সরকারের প্রতি অনাস্থা জানাচ্ছে। জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে। আমাদের নেতাকর্মীদের পুলিশ শিয়ালের মুরগী ধরার মতো মিছিল থেকে ধরে নিয়ে যাচ্ছে।" বিএনপি মহাসচিব আরো বলেন, "আমরা কোথাও পিকেটিং করছি না। জনগণ স্বতস্ফূর্তভাবে হরতাল করছে। আর পুলিশ ব্যারিকেড দিয়ে নিজেরাই পিকেটিং করছে।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ২০০ গজ দূরে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড বসিয়েছে। পুরো সড়কেই দুই শতাধিক অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জলকামানে গাড়ি ও পুলিশ ভ্যান। ব্যারিকেডের মধ্যে কার্যালয়ের সামনে সমাবেত নেতাকর্মীরা 'খালেদা জিয়া বাড়ি ছাড়া, শেখ হাসিনা দেশ ছাড়ো, 'শেখ হাসিনার গদিতে, আগুও জ্বালাও এক সাথে' ইত্যাদি শ্লোগান দিচ্ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এ হরতাল পালন করছে বিএনপি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে প্রধান বিরোধী দলের দ্বিতীয় হরতাল এটি। প্রথমটি হয়েছিলো গত ২৭ জুন। বিএনপি মহাসচিব সকাল ৮টা ৫০ মিনিটে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। তখন সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রবকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নু, এ বি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১১৪৩ ঘ.