ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের সময়ে এটা বিএনপির দ্বিতীয় হরতাল।
হরতালের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। যদিও হরতালের কর্মসূচি ঘোষণার সময় থেকে বিএনপি কার্যালয়ের আশপাশে দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হরতালের কর্মসূচির সমর্থনে বিএনপিকর্মীরা কার্যালয়ের সামনে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। কয়েকজনকেও আটকও করা হয়। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শ্রমিক দল। তাদের পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
হাইকোর্টের রায় অনুযায়ী ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি খালি করার উদ্যোগ নিলে শনিবার সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা তার প্রতিবাদ জানাতে থাকে। এর মাঝে বেলা ৩টার দিকে খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়েন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদার অভিযোগ, তাকে জোর করে সেনানিবাসের বাড়ি বের করে দেওয়া হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বাড়ির ইজারা বাতিল করা হয়।
এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা হাইকোর্টে রিট আবেদন করেন। তবে তা খারিজ করে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেয় হাইকোর্ট।
সে সময় অতিক্রান্ত হওয়ার পর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটি খালি করার উদ্যোগ নিলো। অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন আপিলের আবেদন করেছেন। তার শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে।
আপিল বিভাগে শুনানি চলাকালে বাড়ি খালি করার এ প্রক্রিয়া আইনসম্মত নয় বলে খালেদার কৌঁসুলিরা দাবি করছেন। তারা শনিবার সকালে এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর অবশ্য বলছে, আদালতের রায় বাস্তবায়নে কাজ করছে তারা।
খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছাড়ছেন বলে আইএসপিআর বললেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে।
খালেদার আইনজীবীরাও বলছেন, স্বেচ্ছায় বাড়ি ছাড়ার খবর ভিত্তিহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এজে/০৮০৯ ঘ.
bdnews24