২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাড়ি ছাড়ায় জিডি হয়নি'

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়ায় এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারীর জিডি নেয়নি থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 06:17 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়ায় এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারীর জিডি নেয়নি থানা। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আলামীন ডিউর পক্ষে জিডি করতে শনিবার রাত ১০টার দিকে কাফরুল থানায় যান সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। সানাউল্লাহ ও মাসুদ যথাক্রমে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। জিডি না নেওয়ার কারণ প্রসঙ্গে কাফরুল থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খালেদা জিয়ার বাড়ি ছেড়েছেন। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে পুলিশ জিডি নিতে পারে না।" জিডিতে অভিযোগ করা হয়, পুলিশ ও সাদা পোশাকের সদস্যরা জোর করে সেনানিবাসের বাড়িতে ঢুকে খালেদা জিয়াকে বের করে আনেন। তারা ভবনের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করেন। শনিবার বিকাল ৩টার সময় বিরোধী দলীয় নেতা সেনানিবাসের বাড়ি ছাড়ার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী বাড়িটি ছেড়ে দিয়েছেন। এজন্য ক্যান্টনমেন্ট বোর্ডও তাকে সম্মান জানিয়েছে।" রাত সাড়ে ৭টার দিকে নিজের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, "আমাকে এক কাপড়ে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।" এর আগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও অভিযোগ করেন, ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বিএনপি চেয়ারপার্সনকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএম/পিডি/০০১২ ঘ.