ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি। তবে অধিকাংশ স্থানে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি নেতা-কর্মীরা।
সংঘর্ষও হয়েছে কয়েকটি স্থানে, যাতে আহত হয়েছেন শতাধিক জন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে প্রায় অর্ধশত জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ওই বাড়ি খালি করার প্রক্রিয়া শুরুর পর থেকে বিএনপির বিক্ষোভ শুরু হয়। ঢাকার সাত স্থানে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হাজারীবাগে থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন- বিএনপি কর্মী আব্দুল লতিফ ও মো. সানাউল্লাহ।
সন্ধ্যায় গণকটুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হাজারীবাগ থানার ওসি এনামুল হক এনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা হরতালের সমর্থনের মিছিল নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল মেরেছে। এ কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।"
ঢাকার বাইরে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ: জেলা শহরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ায় ১০ পুলিশসহ ৪৫জন আহত হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা ইবি রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি ভাসানী মিলনায়তনের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। ওই সময় মিছিলকারী ইট ছুড়লে পুলিশ লাঠিপেটা করে।
উভয়পক্ষের মধ্যে কিছু সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার পর পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ছাত্রদলকর্মী আল সাকা আকন্দ (২৫), লিখন শেখ (২৫) ও সোহেল আহম্মেদ (২২)।
বিএনপির দাবি, পুলিশের লাঠিপেটায় দলের ৩৫ জন আহত হন। পুলিশ কর্মকর্তা দেলোয়ার বলেন, সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ ১০ জন আহত হন।
খুলনা: মিছিলে পুলিশের লাঠিপেটায় ২৩ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশ জানায়, নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর ঠেকাতে লাঠিপেটা করা হয়েছে। এতে কেউ গুরুতর আহত হয়নি।
দুপুর ১টার দিকে মহানগরীর ডাকবাংলা মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করে পুলিশ। এর প্রতিবাদে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, "পুলিশের লাঠিপেটায় ২৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।"
খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস বলেন, "মিছিলকারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে। তাদের ঠেকাতে মৃদু লাঠিপেটা করা হয়। এতে কেউ আহত হয়নি।"
তিনি জানান, মিছিল থেকে ইট-পাটকেল ছুড়ে নগরীর আজমল প্লাজার গ্লাস ভাংচুর করা হয়।
চট্টগ্রাম: দুপুর ১২টায় নাসিমন ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি। মিছিলটি জুবিলী রোড, নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, বিআরটিসি মোড় ও বাটালী রোড ঘুরে আবার দলীয় কার্যালয়ে ফিরে শেষ হয়। বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো।
মিছিল শুরুর সময় বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর মিছিলে না গিয়ে দলীয় কার্যালয়ে থাকেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন ও সিটি মেয়র মনজুর আলম।
মিছিল শেষে সমাবেশে মীর নাছিরউদ্দিন বলেন, "খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্যোগ নিয়ে শেখ হাসিনা আগুন নিয়ে খেলা শুরু করেছেন। কেন্দ্রের নির্দেশ পেলে চট্টগ্রামসহ সারাদেশ অচল করে দেওয়া হবে।"
সিলেট: কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিএনপির মিছিল-সমাবেশ ঘিরে রাখে র্যাব ও পুলিশ সদস্যরা। তবে আম্বরখানায় বিক্ষোভ মিছিলের পর আম্বরখানা মোড় থেকে বিমানবন্দর সড়ক দুপুর ১২টা থেকে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্রদল।
অন্যদিকে মেন্দীবাগ,সোবহানীঘাট ও বন্দরবাজার এলাকায় দুপুরে ২৫-৩০ গাড়ি ভাংচুর হয়। বেলা ৩টার দিকে একদল যুবক হঠাৎ করে গাড়ি ভাংচুর করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পুলিশের ধারণা, বিএনপি সমর্থকরাই এ ভাংচুর চালিয়েছে। তবে সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক বলেন, এর সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়।
রাজশাহী: পুলিশের বাধা উপেক্ষা করে দুপুরে মিছিল করার চেষ্টা করলে বিএনপিকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিকালে নগরীর লোকনাথ স্কুল মোড় থেকে বিএনপির মিছিল সাহেববাজার এলাকার দিকে যেতে চাইলে বাধার মুখে পড়ে। পুলিশের বাধায় লোকনাথ স্কুলের সামনেই সমাবেশ করে বিএনপি নেতা-কর্মীরা।
একই এলাকায় বিকালে যুবদল আরেকটি মিছিল করতে গেলে পুলিশ লাঠিপেটা করে। সেখান থেকে ৫ কর্মীকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। একই সময়ে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে বিএনপি কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাহেববাজারের দিকে আসার সময় মেডিকেল কলেজের সামনে পুলিশ বাধা দেয়।
মহানগর ছাড়াও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বরিশাল: হরতালের সমর্থনে বিএনপির মিছিল থেকে উজিরপুরে সাত জন এবং নগরীতে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মুলাদীতে যুবদলের ২ নেতাকে পিটিয়েছে আওয়ামী লীগকর্মীরা।
উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান অভিযোগ করেন, সন্ধ্যায় মিছিল শেষে পুলিশ বিনা উস্কানিতে সাতজনকে গ্রেপ্তার করে। মিছিলের আগে নেতা-কর্মীদের তিন ঘণ্টা বিএনপি কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইউপি সদস্য ও যুবদল নেতা সোহেল হাওলাদার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সরদার, ছাত্রদল নেতা লাবিদ মাহমুদ, রুবেল আহম্মেদ, মোহাম্মদ রনি, যুবদল নেতা মাছুম হোসেন ও বুলু সরদার। উজিরপুর থানার ওসি সুকুমার রায় বলেন, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক হেলালুজ্জামান জানান, সন্ধ্যায় বিএম কলেজ এলাকায় মিছিল করতে চাইলে ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফিরোজ খান কালুকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে যুবদল অভিযোগ করেছে, মুলাদীতে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে বাড়ি ফেরার পথে উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী ও কাজীরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরু মৃধাকে বেদম পিটিয়ে আহত করেছে।
ভোলা: সন্ধ্যায় মিছিলে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ায় অন্তত ৪০ জন আহত হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। শহরের নতুন বাজার ও সদর রোডে সংঘর্ষের পর পুলিশ বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম জানা যায়নি।
নওগাঁ: মিছিলে হামলায় লাঠিপেটায় ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বেলা ১২টার দিকে শহরের নওজায়ান মাঠের সামনে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিনা উস্কানিতে পুলিশের এ ধরনের আচরণ কাম্য নয়।
পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে মিছিলে বাধা দেওয়ার কথা স্বীকার করলেও লাঠিপেটার কথা অস্বীকার করেন।
শরীয়তপুর: দুপুরে বিএনপি মিছিল বের করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলা পরিষদের কাছে শরীয়তপুর পোস্ট অফিসের সামনে পালং থানা পুলিশ বিএনপির মিছিলে বাধা দেয়।
পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, "টহল পুলিশ দেখে বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যায়।" তবে জেলা যুবদলের আহ্বায়ক আবদুল জব্বার খান বলেন, "আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়।"
বগুড়া: শাজাহানপুর, শেরপুর, গাবতলী উপজেলা এবং জেলা শহরের মাটিডালি মোড়ে বিক্ষোভ করেছে বিএনপি।
শহরের পুরান বগুড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে সড়ক অবরোধের চেষ্টা করা হলে পুলিশ ধাওয়া করে বিএনপি নেতাকর্মীদের হটিয়ে দেয়।
নোয়াখালী: দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদী, প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীসহ বিভিন্ন উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। জেলা শহরে ছাত্রদলের মিছিল শেষে একটি কাভার্ডভ্যান ভাংচুরের সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল করিম মুক্তা, যুবদলকর্মী মোহাম্মদ জসিম, ছাত্রদলের মোহাম্মদ রাসেল ও বাহার। এদের বিরুদ্ধে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের চালক মোশারফ হোসেন বাদি হয়ে একটি মামলা করেছে বলে জানান সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার।
বান্দরবান: বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে ফিরলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা হয়।
সাভার (ঢাকা): বিকালে আশুলিয়া ও ধামরাইয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে। সাভারে শান্তিপূর্ণ মিছিল হলেও ধামরাইয়ে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
হবিগঞ্জ: শায়েস্তাগঞ্জে ছাত্রদলকর্মীরা দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যুবলীগ বাধা দেয়। এতে উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়। ছাত্রদলকর্মীরা পাঁচটি বাস ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছে, প্রায় আধা ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চললেও পুলিশ নীরব ভূমিকা পালন করে। তবে মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ ফাঁড়ির ওসি শেখ আলী ফরিদ বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুড়িগ্রাম: পুরাতন পোস্ট অফিস পাড়ার দলীয় কার্যালয় থেকে বিএনপি মিছিল বের করলেও জাহাজ ঘর মোড়ে তা আটকে দেয় পুলিশ। তখন সেখানেই সমাবেশ করে বিএনপি। সদর থানার ওসি তাহারুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মিছিলে বাধা দেওয়া হয়।
শরীয়তপুর: বিএনপি সমর্থকদের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এদিকে যুবলীগ-ছাত্রলীগের একটি মিছিল থেকে জেলা বিএনপির কার্যালয়ে ইট ছোড়া হয়।
সুনামগঞ্জ: সন্ধ্যায় শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির সমাবেশ পুলিশি হামলায় পণ্ড হয়ে যায়। লাঠিপেটায় চারজন আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে।
মুন্সীগঞ্জ: দুপুরে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। তবে পুলিশের বাধায় দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে তারা। এদিকে মাওয়ায় মিছিল করতে চাইলেও পুলিশের বাধায় তা করতে পারেনি।
জামালপুর: হরতালের সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। জেলা শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে বের হওয়া ওই মিছিল তমালতলায় পুলিশ আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে প্রধান সড়কেই পথসভা করে বিএনপি।
পঞ্চগড়: দুপুরে তেঁতুলিয়া রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি। চৌরঙ্গী মোড়ের দিকে যাওয়ার সময় নিউ মৌচাক হোটেলের সামনে পুলিশ মিছিলটি আটকে দেয়। এরপর বিএনপি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশ করে।
নীলফামারী: সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি মিছিল বের করে। নেতা-কর্মীরা নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করে। পুলিশ লাঠিপেটা করে তাদের উঠিয়ে দিলে তারা দলীয় কার্যালয়ের সামনে ফিরে সমাবেশ করে।
গাইবান্ধা: জেলা শহরে শান্তিপূর্ণ মিছিল হলেও পলাশবাড়ীতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায় পুলিশের লাঠিপেটায়। পলাশবাড়ীর নেতা-কর্মীরা দুপুরে রংপুর-বগুড়া সড়কের ওপর সমাবেশ করলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তখন পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া জেলার সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা সদরেও বিএনপির মিছিল হয়েছে।
রংপুর: সাড়ে ৯টায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলা শহরের পায়রা চত্বর, জেলা পরিষদ সুপার মার্কেট, শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় বেশকিছু বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অন্তত ১০টি গাড়ি ভাংচুর করা হয়েছে।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ছয় বিএনপি ও যুবদল নেতা-কর্মীকে আটক করেছে।
মাদারীপুর: শিবচর উপজেলায় বিএনপি সমর্থকদের মিছিলে আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালালে অন্ত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা: নেত্রকোনায় ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল, দোকান পাট ভাংচুর, নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা শহরে আতংক ছড়িয়ে পড়ে। বড় বাজার ব্যবসায়ীরা এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে দোকান পাট তাৎক্ষণিক বন্ধ করে দেয়।
খাগড়াছড়ি: বিএনপির ডাকা সারাদেশব্যাীপ হরতালের প্রতিবাদে খাগড়াছড়ির স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়িকে হরতালমুক্ত ঘোষণা করেছেন।
সন্ধ্যায় আওয়ামী লীগ শহরে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় তিনি এ ঘোষণা দেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, জয়পুরহাট, নরসিংদী, নাটোর, বরগুনা, শেরপুর, সাতক্ষীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এমআই/২১৫০ ঘ.
bdnews24