২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ সাংসদের বাড়িতে আত্মঘাতী বোমায় নিহত ৩

কুষ্টিয়ায় সরকারদলীয় সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছে পাঁচজন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঝিনাইদহ/কুষ্টিয়া, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় সরকারদলীয় সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছে পাঁচজন। নিহতরা হলেন- তারাগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমত আলী (৪৫), স্থানীয় যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান (৩৫) এবং অজ্ঞাত এক বোমা হামলাকারী। কুষ্টিয়া-১ আসন (দৌলতপুর) থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ আফাজ উদ্দিনও এ হামলায় আহত হন। তবে তা গুরুতর নয়। আরেক আহত ওবায়দুর রহমান তারাগুনিয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাকি আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, রাত ৮টা ১০ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্রামের আফাজ উদ্দিনের বাড়িতে এ হামলা হয়। তিনি বলেন, আফাজ উদ্দিন ড্রয়িং রুমে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় দু'জন লোক ঢুকে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। ওসি জানান, আসমত আলী ও হামলাকারী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান অপরজন। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সৈয়দ মোস্তফা কামাল বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে নিহত আত্মঘাতী ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেরারেল হাসপতালে নেওয়া হয়েছে। হামলাকারীর পরনে প্যান্ট-শার্ট পরিহিত এবং কোমরে গামছা বাঁধা ছিল। সম্ভবত ওই গামছায় বোমা বেঁধে রাখা ছিল। রপুলিশ সুপারিনটেনডেন্ট একরামুল হাবিব ও জেলা প্রশাসক আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এ হামলার জন্য আফাজ উদ্দিন বিএনপি ও জামায়াতকে অভিযুক্ত করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীও এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে অবিযুক্ত করে বলেন, কয়েকদিন আগে তারা কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা পুলিশ সুপারিনটেনডেন্টকে জানিয়েছিলেন। আফাজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/০০৫৪ ঘ.