২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভয়ে ডিসিসি নির্বাচন দিচ্ছে না সরকার'

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন না হওয়ার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করে বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছেন, হেরে যাওয়ার ভয়ে এ নির্বাচন দিচ্ছে না সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 11:06 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন না হওয়ার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করে বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছেন, হেরে যাওয়ার ভয়ে এ নির্বাচন দিচ্ছে না সরকার। তিনি শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় বলেন, "জনপ্রিয়তা কমার কারণে ডিসিসি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর ভরাডুবি হতে পারে বলে ভয় পাচ্ছে সরকার। "দু'বার সম্ভাব্য তারিখ দিয়েছিলো নির্বাচন কমিশন। কিন্তু সরকারের অনাগ্রহের কারণে সে সব তারিখে নির্বাচন হয়নি। ভয়ে তারা নির্বাচন কমিশনকে ডিসিসি নির্বাচন করতে দিচ্ছে না", বলেন আনোয়ার। ২০০২ সালে সর্বশেষ ডিসিসি নির্বাচন হয়। মেয়াদোত্তীর্ণ এ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করার জন্য বর্তমান নির্বাচন কমিশন (ইসি) কয়েক দফা উদ্যোগ নেয়। তবে নির্বাচন করতে না পারার জন্য সরকারের অনাগ্রহকে দায়ী করে আসছে ইসি। এ মাসের শুরুতে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "ওই চ্যাপ্টার ক্লোজড"। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার অবিলম্বে ডিসিসি নির্বাচন করার দাবি তুলে বলেন, "এ নির্বাচন হলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। এতে নগরবাসী উপকার পাবে।" ৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবদলের আলোচনা সভায় বক্তব্য রাখেন এমকে আনোয়ার। ভারতকে ট্রানজিট দেওয়ার আগে বিশেষজ্ঞদের দিয়ে সম্ভাব্য লাভ-ক্ষতি যাচাইয়ের জন্য সরকারের প্রতি আবারো আহ্বান জানান তিনি। গত চারদলীয় জোট সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কম ছিলো দাবি করে সাবেক কৃষিমন্ত্রী আনোয়ার বলেন, "আমাদের সময়ে দ্রব্যমূল্য পরিস্থিতি বর্তমানের চেয়ে ভালো ছিলো। চালের সর্বনিম্ন মূল্য ছিলো ১২ টাকা ২০ পয়সা। এখন প্রধানমন্ত্রীসহ সরকারের সব মন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে যথেচ্ছ মিথ্যাচার করছেন।" যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য এবিএম মোশাররফ হোসেন, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, সহসভাপতি ফজলুর রহমান বজলু, যুগ্ম সম্পাদক এ কে এম মোরতাজুল করিম বদরু, কেন্দ্রীয় নেতা জাকারিয়া মঞ্জু ও আবদুল খালেক হাওলাদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/১৭০০ ঘ.