বাগেরহাট, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রদল নেতা জিয়াউল আহসান তুহিন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এই রায় দেন।
দণ্ডিতের নাম- মো. হুমায়ুন (৩৪)। তার বাড়ি শরণ খোলা উপজেলার রায়েন্দাবাজারে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আসাদুজ্জামান মিলনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর বিকালে তুহিনকে আসামিরা রায়েন্দা খালের বাঁধের ওপর ছুরিকাঘাত করে। ঘটনার ২২ দিন পর ২৫ ডিসেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের ভাই শিমুল গাজী বাদি হয়ে হুমায়ুন ও আসাদুজ্জামানকে আসামি করে মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০০১ সালের ১০ জুলাই ওই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24