লালমনিরহাট, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলার এক ধানক্ষেত থেকে বৃহস্পতিবার পৌর ছাত্রদলের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মেহেদি হাসান পরশ (২৭) পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সদর থানার সাপতানা বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুটিমারি দোলা বিলের ধানক্ষেতে মেহেদির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে মেহেদির লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র মেহেদির বাম চোখ তুলে নেওয়া হয়েছে এবং তার মাথা ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে।
মেহেদির ভাই মোফাখখারুল ইসলাম মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক বিরোধের কারণে আমার ভাইকে হত্যা করা হতে পারে।"
একই কারণে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সমর্থকরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলো বলে অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এজে/১৪৪২ ঘ.
bdnews24