ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক যুব সংগঠন যুবলীগ।
১৯৭২ সালের এই দিনে শেখ ফজলুল হক মণি আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করেন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোরে ঢাকায় যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনটির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় যুবলীগের পক্ষ থেকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর যুবলীগ নেতারা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহতদের কবরে ফুল দিতে যান বনানী কবরস্থানে।
দিবসটি উপলক্ষে সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মির্জা আজম এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১০৫৮ ঘ.
bdnews24