চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নেতাকে র্যাব ধরে নিয়ে গেছে- এ অভিযোগ তুলে চট্টগ্রামে র্যাব ফাঁড়ি ঘেরাও করতে যাওয়া বিএনপিকর্মীদের সঙ্গে র্যাব সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনার পর নগরীর চান্দগাঁওয়ে আরাকান সড়ক অবরোধ করেছে বিরোধী দলের কয়েকশ নেতাকর্মী। বিএনপি বলছে, তাদের কয়েকজন কর্মীকে র্যাব আটক করেছে।
বিএনপি নেতারা বলছেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপি'র সভাপতি নজরুল ইসলামকে র্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার সন্ধানেই তারা চাঁন্দগাওয়ে র্যাবের একটি অস্থায়ী ফাঁড়ি ঘেরাও করে।
নজরুল করলডেঙ্গা ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান।
বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সন্ধ্যায় গাজীপুর থেকে নজরুলকে র্যাব সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকের কিছু লোক তুলে নিয়ে যায়। তাকে চান্দগাঁও অস্থায়ী ক্যাম্পে এনে রাখা হয়েছে- এমন খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ওই ক্যাম্পের সামনে জড়ো হয়।"
নজরুলকে তার মাইক্রোবাস থেকে ধরে নিয়ে যাওয়া হয় জানিয়ে শহীদুল্লাহ বলেন, এ ঘটনায় তার গাড়িচালক মো. বাবুল বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
চান্দগাঁও থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুল আটকের গুজবের ভিত্তিতে বেশ কয়েকটি গাড়িতে করে বোয়ালখালী থেকে এসে শতাধিক বিএনপি নেতা-কর্মী র্যাবের অস্থায়ী কার্যালয়ে ঢোকার চেষ্টা করে।
"র্যাব সদস্যরা এ বিষয়ে কিছু জানেন না বলার পরও তারা না সরায় এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে", বলেন তিনি।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে ৫ থেকে ৬ জনকে র্যাব আটক করেছে।
এদিকে বিএনপি নেতা শহীদুল্লাহ বলেন, র্যাব বিএনপিকর্মীদের বেধড়ক লাঠিপেটা করেছে। এতে ২০ জন আহত হয়েছে। ১৫ কর্মীকে র্যাব কার্যালয়ে আটক রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে বিএনপি নেতার বক্তব্য নাকচ করেছেন র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ পরিদর্শক (এএসপি) সাইদুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি'র এক নেতাকে গ্রেপ্তারের গুজবের ভিত্তিতে কিছু লোক আমাদের চান্দগাঁও অস্থায়ী ক্যাম্পের বাইরে বিক্ষোভ করে। তবে নজরুলের বিষয়ে আমরা কিছু জানি না।"
নজরুলের বিরুদ্ধে বোয়ালখালী থানায় খুন, ডাকাতি, নারী নির্যাতন, চাঁদাবাজি, হত্যা প্রচেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই থানার ওসি মালেক মিয়া।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুলের অবস্থান সম্পর্কে তারা কিছু জানি না। তার সন্ধান বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২২০০ ঘ.
bdnews24