নাটোর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী আমিন (২৪) ও রবিউল (২৫)।
সোমবার রাতে নাটোর শহরের চক বৈদ্যনাথ মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে হাজির করলে হাকিম তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার রাতে যুবলীগের অনুষ্ঠানের নামে চাঁদা চেয়ে না পেলে সন্ত্রাসীরা স্টেশন বাজারের রাকিবুল ইসলাম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালায়।
এ ঘটনায় সোমবার রাতে ওই প্রতিষ্ঠানের একজন অংশীদার রকিবুল ইসলাম ওরফে তুহিন সদর থানায় একটি মামলা করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার দু'জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।
এ ব্যাপারে জেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম বলেন, অভিযুক্তরা যুবলীগকর্মী হলেও তাদের কর্মকাণ্ডের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
রোববার রাতে কয়েকজন তরুণ রাকিবুল ইসলাম ট্রেডার্সে এসে যুবলীগের একটি অনুষ্ঠানের খরচের জন্য বিশ হাজার টাকা চাঁদা চায়। প্রতিষ্ঠানটির মালিক হিরা টাকা দিতে অপারগতা জানালে ১০/১৫ জন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানটির আসবাবপত্র, টেলিভিশন ভাংচুর করে এবং নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.
bdnews24