২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের সঙ্গে বেঁধে পেটালো নারীসহ ৫ জনকে

জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে স্থানীয় এক বিএনপি নেতার পরিবার গাছের সঙ্গে বেঁধে আরেকটি পরিবারের নারীসহ পাঁচজনকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

রাজশাহী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে স্থানীয় এক বিএনপি নেতার পরিবার গাছের সঙ্গে বেঁধে আরেকটি পরিবারের নারীসহ পাঁচজনকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই বিএনপি নেতাসহ তার পরিবারের আট সদস্যকে আটক করেছে। তানোর থানার ওসি আজিজুল হক সরকার সাংবাদিকদের জানান, নির্যাতনের অভিযোগে ঘটনাস্থল থেকে চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফ আলীসহ তার পরিবারের আট সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত বাকি সাতজন হলেন- আশরাফের স্ত্রী লতিফা বেগম, ছেলে রাশেদুল ও তার স্ত্রী শামীমা বেগম, বাহাদুর ও তার স্ত্রী নাসরিন এবং অপর দুই ছেলে বাদশা ও সম্রাট। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। ওসি জানান, জমিজমা নিয়ে আশরাফের সঙ্গে নির্যাতিত পরিবারটির দীর্ঘদিনের বিরোধ ছিলো। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগও নেওয়া হয়। সোমবার মীমাংসার কথা ছিলো। কিন্তু তা না হওয়ায় আশরাফের বিরুদ্ধে মামুন থানায় লিখিত অভিযোগ দেন। এরই জের ধরে আশরাফের লোকজন তাদের নির্যাতন করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে মামুন বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন আশরাফ ও তার চার ছেলে তাকে ধরে নিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। মামুনকে উদ্ধার করতে ছোট ভাই সুমন (২৭) এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এরপর মামুনের বোন তিন বোন সখিনা (৩৫) সাবানা (২৫) ও তানিয়া (২২) ঘটনাস্থলে গেলে তাদেরকেও একইভাবে মারধর করা হয়। এক পর্যায়ে তানিয়াকে একটি বাড়ির ভিতরে নিয়ে আশরাফের চার ছেলে মারধর করে। ওই সময় এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭৩০ ঘ.