২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবলীগের নামে চাঁদাদাবি: ভাংচুর, লুটপাট

যুবলীগের অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করে নাটোর শহরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাংচুর করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

নাটোর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগের অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করে নাটোর শহরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাংচুর করেছে সন্ত্রাসীরা। রোববার রাতে একদল সন্ত্রাসী শহরের স্টেশন বাজার এলাকায় রাকিবুল ইসলাম ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। তবে জেলা যুবলীগ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নাটোর সদর থানা পুলিশ জানায়, রাতে কয়েকজন তরুণ রাকিবুল ইসলাম ট্রেডার্সে এসে যুবলীগের একটি অনুষ্ঠানের খরচের জন্য বিশ হাজার টাকা চাঁদা চায়। প্রতিষ্ঠানটির মালিক হিরা টাকা দিতে অপারগতা জানালে ওই তরুণরা মোবাইল ফোনে রানা নামের একজনের সঙ্গে কথা বলিয়ে দেয়। ফোনে রানা ওই ব্যবসায়ীকে তাৎক্ষণিক টাকা দিতে বলে। নইলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হুমকি দেয়। এরপরও টাকা না দিলে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর ১০/১৫ জন সন্ত্রাসী এসে ব্যবসায়ী হিরাকে একটি কক্ষে আটকে রেখে প্রতিষ্ঠানের আসবাবপত্র, টেলিভিশন ভাংচুর করে এবং নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুট করে। এ ঘটনায় ব্যবসায়ী হিরা বাদী হয়ে রানা, রবিউল ও মানিরুলসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তরা কেউই যুবলীগের সঙ্গে জড়িত নয়। যুবলীগের কোনো অনুষ্ঠানের জন্য চাঁদা আদায় করার দায়িত্ব তাদের দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫১ ঘ.