ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি এমপি রুশনারা আলী বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে মতবিনিময় করেন।
প্রথম বাঙালি হিসেবে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে সদস্য নির্বাচিত হওয়ায় রুশনারাকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারপারসন।
চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও ঢাকায় যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার মিক লন এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের আমন্ত্রণে গ্রামীণ জীবনযাত্রার টেকসই উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) এক অনুষ্ঠানে যোগ দিতে রুশনারা আলী ঢাকা আসেন।
তিনি লেবার পার্টির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
রুশনারা পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এন্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রুশনারার জন্ম ১৯৭৫ সালে সিলেটে। মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে চলে যান লন্ডনে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের বুরকি গ্রামে। তিনি রাজনীতি, অর্থনীতি ও দর্শন পড়েন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।
১৭ বছর বয়স থেকে রুশনারা লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এই দীর্ঘ পথ চলায় তিনি দীক্ষা নিয়েছেন ১৯৫৪ সালে লেবার পার্টির মেনিফেস্টোর অন্যতম লেখক মাইকেল ইয়াংয়ের কাছে।
রুশনারা বিভিন্ন সময় লেবার পার্টির এমপি-মন্ত্রীদের হয়ে কাজ করেছেন। তাদের রাজনৈতিক বক্তৃতার স্ক্রিপ্ট লিখেছেন। তিনি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ক্যাম্পেইন করেছেন দলের হয়ে।
১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রাক্তন এমপি উনা কিং এর হয়ে পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে হাউজ অব কমন্সে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া এখানেই রুশনারা তিন বছর ধরে বৈষম্য বিরোধী ইস্যুতে গবেষক হিসেবে কাজ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪০ ঘ.
bdnews24