ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে ট্রানজিট দিলে দেশ অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে, তা খতিয়ে দেখার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বিরোধী দল বলেছে, দেশের স্বার্থ রক্ষা হলে ট্রানজিটে তাদের আপত্তি নেই।
বিনা শুল্কে পণ্য পরিবহনের সুবিধা না দিতেও সরকারের প্রতি পরামর্শ দিয়েছে বিএনপি। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বিষয়ে সরকারের বক্তব্যে অস্পষ্টতা রয়েছে দাবি করে এ বিষয়ে রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
ট্রানজিটের বিরোধিতা করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বক্তব্য দিয়ে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য একে আনোয়ার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন। ট্রানজিট দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য আসার দুদিন পর বিএনপি তাদের অবস্থান জানালো।
বিএনপি নেতা আনোয়ার বলেন, "ট্রানজিটের ক্ষেত্রে ভারতের পণ্য পরিবহনে কোনো ফি নেওয়া হবে না বলে যে ঘোষণা অর্থমন্ত্রী দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। ভারতের পণ্যের ক্ষেত্রে যদি কোনো শুল্ক ও সেবা ফি না নেওয়া হয়, তা হলে বাংলাদেশকে আসাম কিংবা পশ্চিমবঙ্গের মতোই মনে হবে। এটা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার আরেক ধাপ অগ্রগতি বলে আমরা মনে করি।"
ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের ফি নির্ধারণে সরকার একটি নীতিমালা তৈরির উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী মঙ্গলবার বলেন, "ট্রানজিটের ওপর কোনো শুল্ক থাকতে পারে না। ট্রান্সশিপমেন্টের ওপর শুল্ক থাকতে পারে। তবে ট্রানজিটের ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবো, তাই একটা ফি থাকতে পারে।"
অন্য দেশের পণ্য পরিবহনের ক্ষেত্রে শুল্ক বা ফি আদায়ের আন্তর্জাতিক আইন ও নীতি তুলে ধরে সাবেক মন্ত্রী আনোয়ার বলেন, "ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ান দেশগুলোতে প্রতিবেশী দেশের পণ্য পরিবহনে সেবা ও শুল্ক ফি দেওয়ার বিধান চালু রয়েছে।"
ট্রানজিট দেওয়ার আগে লাভালাভ বিবেচনার জন্য একটি সমীক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সমীক্ষার ফলাফলে যদি দেখা যায় এটা দেশের স্বার্থে হচ্ছে, তবে বিএনপির তাতে আপত্তি থাকবে না।"
ট্রানজিটের ক্ষেত্রে বিএনপি এতদিনের বিরোধিতা থেকে সরে এসেছে কি না- প্রশ্ন করা হলে 'না' সূচক জবাব দেন আনোয়ার।
তিনি বলেন, "বিএনপি সব সময় বলে আসছে, দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড আমরা সমর্থন করি না। ভারতকে ট্রানজিট-ট্রান্সশিপ্টমেন্ট এবং বন্দর ব্যবহার করার বিষয়ে বাংলাদেশের লাভ-লোকসান কেমন, তার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। কিন্তু তার আগেই সরকার যেভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
আনোয়ার অভিযোগ করেন, ভারতের পণ্য পরিবহনের জন্য সড়কসহ অবকাঠামো উন্নয়নে ২৪ হাজার কোটি টাকার প্রয়োজন হলেও তার কোনো সুরাহা সরকার করেনি।
"অথচ প্রধানমন্ত্রী ভারত সফর গিয়ে চাপের মুখে চুক্তি করেছেন, যা দেশবিরোধী বলে আমরা মনে করি। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দর ব্যবহার, এশিয়ান হাইওয়ের রুট পরিবর্তন ইত্যাদি সবই ভারতের স্বার্থরক্ষায় করা হচ্ছে", বলেন তিনি।
সীমান্তে হাট বসানোর সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে সংসদ সদস্য আনোয়ার বলেন, "সেখানে এখন ভারতীয় মুদ্রা সচল, কিন্তু বাংলাদেশের টাকা চলে না। শেখ মুজিবুর রহমানের শাসনামলেও এরকম হাট সীমান্তে বসানো হয়েছিলো। তখন চোরাচালান ও মাদক ব্যবসা জমাজমাট হয়ে পড়লে তা পরে বন্ধ করে দেওয়া হয়।"
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে আনোয়ারের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৫ ঘ.
bdnews24