২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের রাডার মামলায় আবার সাক্ষ্য হায়দারের

সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাডার কেনার দুর্নীতি মামলায় আবার সাক্ষ্য দিয়েছেন মামলাকারী আলী হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাডার কেনার দুর্নীতি মামলায় আবার সাক্ষ্য দিয়েছেন মামলাকারী আলী হায়দার। আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে ১৮ বছর আগে দায়ের করা এ মামলায় সাবেক দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পুলিশ সুপার আলী হায়দার এ দিন দুপুরে সাক্ষী হিসাবে জবানবন্দি দেন। মঙ্গলবারও তার জবানবন্দি শেষ না হওয়ায় ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আবদুল মজিদ আগামি ২০ জানুয়ারি তার বাকি জবানবন্দি এবং আসামি পক্ষ থেকে জেরার জন্য দিন রেখেছেন। গত ১৯ অগাস্ট তার জবানবন্দি নেওয়া শুরু হয়। মামলার নথিপত্রে দেখা যায়, এর আগে বাদির সাক্ষ্যের জন্য ১৭টি তারিখ নির্ধারণ করা হয়। নথিপত্রে দেখা যায় আলী হায়দার বর্তমানে অবসর জীবনযাপন করছেন। তিনি টিকাটুলির বিসমিল্লাহ গার্ডেনে ডি-৩ নম্বর বাসায় থাকেন। সেখান থেকেই তিনি আদালতে সাক্ষ্য দিতে এসেছেন। মামলাটির সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে বারবার বাদি হাজির না হওয়ায় এর আগে ক্ষোভ প্রকাশ করে বিচারকের কাছে অভিযোগ করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ খান ও সহকারি প্রসিকিউটর মো. সাহিদুজ্জামান। মামলার নথিপত্রে দেখা যায়, ১৯৯০ সালে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর ৯২ সালের ৪ এপ্রিল ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। মামলায় বলা হয়, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অন্য অভিযুক্তদের যোগসাজশে ফ্রান্স থেকে না কিনে অপেক্ষাকৃত বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে রাডার কেনেন। এতে রাষ্ট্রের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার নয়শ ১৮ টাকা ক্ষতি হয়। এর মাধ্যমে অভিযুক্তরা সবাই মিলে সরকারি টাকা আত্মসাতও করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২০১ ঘ.