চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রিমান্ড স্থগিতের আবেদন খারিজ করেছে আদালত।
মহানগর হাকিম মাহাবুবুর রহমান মঙ্গলবার দুপুরে বাবরের রিমান্ড স্থগিতের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
বাবরের আইনজীবী মঙ্গলবার নাজিম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লুৎফুজ্জামান বাবরের শারীরিক অসুস্থতার কারণে তার রিমান্ড ১৫ দিন স্থগিতের আবেদন জানালেও আদালত তা খারিজ করে দিয়েছেন।"
তিনি জানান, আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার অনুমতি চাইলেও সে সুযোগ দেওয়া হয়নি।
সোমবার একই আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক আবেদনে বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন সময় দেয়।
ওইদিনই বাবরের আইনজীবী তার অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন রিমান্ড স্থগিতের আবেদন জানান। বিচারক মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবীর উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।
রিমান্ড স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেওয়ায় সাবেক বিএনপি-জামায়াত জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আর কোন বাধা রইল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬১৯ ঘ.
bdnews24