সাভার, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে যুবলীগ সমর্থকরা যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় ধামরাইয়ের সুঙ্গর বাজারে এ হামলা হয়।
আহতরা হলেন- ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন যুবদলের আহব্বায়ক মিজানুর রহমান ও যুবদলকর্মী সোনা মিয়া।
তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানা যুবদলের আহবায়ক রফিকুল আহসান মোকসেদ হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খরারচর এলাকায় যুবদলের কর্মী সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে যুবলীগ সন্ত্রাসীরা সুঙ্গর বাজারে যুবদল নেতাকর্মীদের উপর হামলা চালায়।
তাদের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমানের বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রোয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর নেতৃত্বে সাইফুল, বদর, আবু সাঈদসহ ১০/১২ জন এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ধামরাই উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির আহব্বায়ক তমিজ উদ্দিন জানান, "যুবলীগ নেতাকর্মীরা আমাদের লোকদের উপর হামলা চালিয়েছে।"
ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, "যুবদলকর্মীরা মোটরসাইকেল মহড়া দেওয়ার সময় আমাদের এক কর্মী এর কারণ জানতে চাইলে যুবদলের মিজানের সঙ্গে কথা কাটাকাটি হয়।
"একপর্যায়ে মিজান আমাদের ওই কর্মীকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে আমাদের লোক দা দিয়ে একটি কোপ দেয়।"
ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো মামলা হয়নি। মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24