ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এস এম সাখায়াত জানিয়েছেন, আওয়ামী লীগ সংসদ সদস্যকে অধ্যাপক বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বরেন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার (সুরঞ্জিত) হৃদযন্ত্রের সমস্যা হচ্ছে। এর আগেও এ সমস্যায় ভারত এবং কানাডায় চিকিৎসা নিয়েছেন তিনি।"
সুরঞ্জিতের চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সন্ধ্যা ৬টায় চিকিৎসকদের একটি বোর্ড বসবে বলে জানান তিনি।
সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ নেতা।
এরপর ধানমণ্ডির ঝিগাতলার বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/আরএ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24