জয়পুরহাট, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে যুবলীগ নেতা এক ভ্যানচালককে মারধর করে হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপর সিরাজুল ইসলাম (৪৫) নামের ওই ভ্যানচালকের পকেটে জাল টাকার নোট দিয়ে পুলিশের সহায়তায় তাকে জেল হাজতে পাঠানো হয়।
সোমবার সন্ধ্যায় তাকে জয়পুরহাট আধুনিক হাসপাল থেকে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার বিকালে জয়পুরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিরাজুলের ফুফাত ভাই মোজাফফর হোসেন এই অভিযোগ করেন।
ভ্যানচালক সিরাজুল ইসলাম কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে বলা হয়, পূর্ব বিরোধের জেরে বেশ কিছুদিন আগে পুনট ইউনিয়নের চেয়ারম্যান ও কালাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ও তার সহযোগীরা মোজাফফর হোসেনের স্ত্রীকে মারধর করলে তিনি মামলা করেন। ওই মামলায় চেয়ারম্যান কুদ্দুসের ছয় সহযোগীর সাজা হয়।
এর জেরে গত ২ অক্টোবর সাজাপ্রাপ্তরা সিরাজুলকে মারধর করে মারাত্মক আহত করলে তার স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেন।
এরপর গত শনিবার (২৩ অক্টোবর) বেলা ৩টায় সিরাজুলকে পুনট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে কুদ্দুস ও তার সহযোগীরা মারধর করে বাম হাত হাত ভেঙে দেয়। এরপর তার পকেটে জাল টাকার নোট ঢুকিয়ে দিয়ে থানায় খবর খবর দেয়।
পরে পুলিশ হাসপাতাল থেকে সিরজুলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিরাজুলের স্ত্রী মনোয়ারা, বোন জায়েদা বেগম, শাশুড়ি সুফিয়া খাতুনসহ গ্রামের কয়েকজন ও স্থানীয় যুবদল নেতা ওবায়দুর রহমান সুইটসহ কয়েকজন বিএনপি নেতা।
এ ব্যাপারে যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন না।
কালাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সিরাজুলের কাছ থেকে চারটি পাঁচশ' টাকার এবং দুইটি একশ' টাকার উদ্ধার করেছে। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে হাসপাতাল থেকে জেল হাজতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৮ ঘ.
bdnews24