বরিশাল, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের কাউখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অলিউর রহমান ছাত্রলীগ সমর্থকদের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলায় কচুয়াকাঠি বেইলি ব্রিজ এলাকায় এ হামলা হয়।
গুরুতর আহত অলিউর রহমানকে (৪০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অলিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউখালী বন্দরে তার দোকান থেকে বাকিতে একটি স্টিল আলমারি নেন মহসিন নামের এক ব্যক্তি।
অলিউর দাবি করেন, মহসিন পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলমের ভাগ্নে শাহীনের সহযোগী।
তিনি বলেন, "বুধবার বিকালে অলিউর ওই বকেয়া টাকা দাবি করলে কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি বিশ্বজিত, মহসিন ও ড্রাম সুমন এবং অজ্ঞাত ৮/১০ জন কচুয়াকাঠি এলাকায় রামদা, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়।"
তারা তার দুই হাত-পা ভেঙে দেয় এবং শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ছাত্রলীগ নেতা বিশ্বজিত পাল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, কারা এবং কেন অলিউরকে মারধর করেছে তা তিনি জানেন না।
কাউখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আলমিরা বানানো নিয়ে বখাটে মহসিনের সঙ্গে অলিউরের বিবাদ হয়। এর জেরে মহসিন একদল বখাটে নিয়ে অলিউরকে মারধর করেছে।
এ ঘটনায় থানায় এখনো অভিযোগ করা হয়নি। তবে অলিউর মামলা করবেন বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24