ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক 'হয়রানিমূলক' বিবেচনায় জয়নুল আবদিন ফারুকসহ বিরোধী দলীয় চার নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সুপারিশ করেনি এ সংক্রান্ত জাতীয় কমিটি।
কমিটির বুধবারের বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ সাবেক ও বর্তমান তিন সদস্যের কয়েকটি মামলা বিবেচনার জন্য আসে।
এ মামলাগুলোর বিষয়ে জেলা কমিটির সুপারিশ নেই বলে প্রত্যাহার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি কমিটির ২৩ তম সভা।
সভা শেষে এক ব্রিফিংয়ে কামরুল ইসলাম বলেন, "বিএনপির সাংসদ জয়নুল আবদিন ফারুক ও বরকত উল্লাহ বুলু এবং সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও নাজিমউদ্দিন আলমের কয়েকটি মামলা বিবেচনার জন্য বৈঠকে উপস্থাপন করা হয়। কিন্তু নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, এগুলোর বিষয়ে জেলা কমিটির সুপারিশ নেই। এছাড়া এসব মামলা প্রত্যাহারের যোগ্যও নয়। তাই প্রত্যাহার করা সম্ভব হয়নি।"
তিনি জানান, কমিটির ২৩তম সভায় নতুন করে ১০৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে ৩০৫টি মামলা প্রত্যাহার না করার সুপারিশ করা হয়। এদিন বিবেচনার জন্য উপস্থাপিত ১,৬২১টি মামলার মধ্যে ১,২১১টি মামলা পরবর্তীতে উপস্থাপনের সিদ্ধান্ত নেয় কমিটি। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের মামলা ৭৯টি।
এর মধ্যে রয়েছে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মানহানির মামলা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আব্দুর রহমানের দু'টি মামলা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি এ পর্যন্ত৬,৪৯৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে বাংলাদেশ দণ্ডবিধির ৬,২১২টি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২৮৭টি মামলা রয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৩৪ ঘ.
bdnews24