সিরাজগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জ বিএনপির আরো পাঁচ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৮০ জনে দাঁড়ালো।
সদর থানার উপপরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিপুলবাড়িয়া দত্তবাড়ি থেকে শহীদ (৩২) ও স্বপন (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এনায়েতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নে আলম (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি মাহফুজ।
কাজীপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সেখানে একটি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলমপুর গ্রামের ফরিদুল ইসলাম (৩৩) গ্রেপ্তার হয়েছেন।
অন্যজনকে গ্রেপ্তার করা হয় বেলকুচি থানা এলাকা থেকে। গ্রেপ্তার সেলিম রেজা যুবদল সমর্থক বলে জানিয়েছেন বেলকুচি থানার ওসি মীর মো. আব্দুন নাসের।
সিরাজগঞ্জের সয়দাবাদে গত ১১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত ছয়জন নিহত হয়। এরপর বিক্ষুব্ধরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
ওই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। সে সব মামলায়ই পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।
এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসন ঘটিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শী ও রেলকর্মীদের সাক্ষ্যগ্রহণ করছে।
গণসাক্ষ্যগ্রহণ বুধবারও অব্যাহত আছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য জিআরপি থানার ওসি বিমল চাকী।
পুড়িয়ে দেওয়া ট্রেন দ্রুতযান এক্সপ্রেসের চালকসহ রেলকর্মীরা ইতোমধ্যে ওই তদন্ত কমিটিতে সাক্ষ্য দিয়েছে।
সরকারি এই তদন্ত নিরপেক্ষ হবে না দাবি করে বিএনপি আলাদা একটি 'গণতদন্ত কমিশন' গঠন করে সেদিনের ঘটনা খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24