২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা উচিত: সাজেদা

খালেদা জিয়ার বাড়ি ছাড়া প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মন্তব্যকে 'বিতর্কিত' আখ্যায়িত করে তাকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বাড়ি ছাড়া প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মন্তব্যকে 'বিতর্কিত' আখ্যায়িত করে তাকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী রোববার সাংবাদিকদের বলেন, "সেনাবাহিনী যদি মনে করে, বাড়িটিতে খালেদা জিয়াকে আর থাকতে দেওয়া হবে না। তাহলে ৩০ দিনের মধ্যে নয়, তিনদিনের মধ্যেই বাড়িটি নিয়ে যেতে পারে। কারণ, এ বাড়ি থেকে কাউকে উচ্ছেদে রাজউকের বুলডোজার যাবে না, সেনাবাহিনীর বুলডোজারই যাবে" ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি খালেদাকে ছেড়ে দিতে ১৩ অক্টোবর আদালতের আদেশের পর চলমান বিতর্কের মধ্যেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এ বিষয়ে তার মতামত তুলে ধরলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সোমবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় সাজেদা চৌধুরী সেখানে উপস্থিত দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উদ্দেশ্য করে বলেন, "আমি সাহারা খাতুনকে বলছি সালাউদ্দিন কাদের চৌধুরী যে কথা বলেছেন, সে কথার ওপরই তাকে অ্যারেস্ট করা যায়। তিনি সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছেন।" তিনি আরো বলেন, ঢাকা সেনানিবাসে সাড়ে চার'শ কোটি টাকা মূল্যের ১৬৫ কাঠা জমি খালেদা জিয়া দখল করে রেখেছেন। এর আগে, সাহারা খাতুন বলেন, "খালেদা জিয়াকে বাড়ি ছাড়তেই হবে।" খালেদা জিয়ার বাড়ি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "আমাদের বুঝতে অসুবিধা হয়নি যে সেনাবাহিনীকে উস্কে দিতেই সাকা চৌধুরী এই বক্তব্য দিয়েছেন। তিনি সেনাবাহিনীকে দ্বিধা বিভক্ত করতে চাচ্ছেন।" খালেদা জিয়ার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের নয় উল্লেখ করে হানিফ আরো বলেন, এ সিদ্ধান্ত নিয়েছে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে খালেদা জিয়া উচ্চ আদালতেও গিয়েছিলেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, "দ্রুত ঢাকা সেনানিবাসের বাড়ি খালি করে বের হয়ে আসুন। আন্দোলন করে কোনো লাভ হবে না। ষড়যন্ত্রমূলক আন্দোলন করার চেষ্টা করলে জনগণ আপনাদের রুখে দাড়াবে।" ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক ও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯২৪ ঘ.