রাজশাহী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে জেলা যুবদলের বর্ধিত সভায় সংগঠনের দুটি গ্র"পের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সভা শুরুর পর এই ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে সভা শুরু হয়। এর কিছুক্ষণ পর সভা আহবানের প্রতিবাদে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল হক রায়হানের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশের চেষ্টা করে।
এসময় প্রতিপক্ষ নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এনিয়ে উভয়পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।
এসময় রায়হানসহ উভয় পক্ষের অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়।
উপস্থিত যুবদল ও জেলা বিএনপির নেতাকর্মীরা রায়হানকে উদ্ধার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রায়হান সাংবাদিকদের জানান, বর্ধিত সভায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে ক্ষুব্ধ কর্মীরা মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে, বর্ধিত সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "আদালতের রায় দিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়নি। তাই আদালতের রায়ে স্বাধীনতার ঘোষকের জায়গা থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না।
"এই রায় শুধু ইতিহাসের গতিকেই পরিবর্তন করবে। প্রকৃত সত্যকে কখনো চেপে রাখা যাবে না। শহীদ জিয়াই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এটাই চিরন্তন সত্য।"
জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির, সহ-সভাপতি আব্দুল গফুর, সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্টু ও বিএনপি নেতা সৈয়দ শাহীন শওকত খালেক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১২ ঘ.
bdnews24