ময়মনসিংহ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবদলের সম্মেলনে সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত হয়েছেন ১০ জন। হামলাকারীরা সম্মেলনস্থলের তোরণ এবং দুটি মটর সাইকেলও ভাংচুর করে।
শনিবার গফরগাঁও উপজেলা সদরের শিবগঞ্জ রোডে পৌর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চলছিলো।
দুপুরে একদল যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সম্মেলনস্থলে হামলা চালায় বলে জানিয়েছেন গফরগাঁও থানার ওসি জাকিউর রহমান।
হামলার কারণে পণ্ড হয়ে গেছে যুবদলের সম্মেলন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলাকারীদের হাতে ছিলো দা, পাইপ ও লাঠি। তারা স্থানীয় বিএনপি কার্যালয় সংলগ্ন দুটি দোকানও ভাংচুর করে।"
হামলাকারীরা ছাত্র ও যুবলীগের কর্মী বলে যুবদল নেতারা দাবি করেছেন।
হামলায় আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৩ ঘ.
bdnews24