২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলের সমাবেশ কেন্দ্র করে বগুড়ায় ১৪৪ ধারা

বগুড়ার গাবতলী উপজেলার তিন মাথা মোড়ে একই সময়ে দুই দল সভা আহ্বান করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 11:58 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

বগুড়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী উপজেলার তিন মাথা মোড়ে একই সময়ে দুই দল সভা আহ্বান করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা মোহাম্মদ আলী রেজা পুলিশসহ সমাবেশস্থলে পৌঁছে এ ঘোষণা দেন। তিনি বলেন, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাস্থল ছাড়াও গাবতলী পৌর এলাকার কোথাও কোনো সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা যাবে না।" উপজেলার তিন মাথা মোড়ে বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় পৌর বিএনপি। পরে শনিবার সকালে বঙ্গবন্ধু সৈনিক লীগ ওই স্থানে একই সময়ে সমাবেশের ঘোষণা দেয়। পৌর বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশের কথা প্রশাসনকে আগেই মৌখিকভাবে জানানো হয়েছিল।" উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম আজম খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪৪ ধারার কারণে বঙ্গবন্ধু সৈনিক লীগের সমাবেশ হয়নি। আজ ওই সমাবেশ ডাকা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮০০ ঘ.