সাভার (ঢাকা), অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়া থানা কমিটি নিয়ে সাভারের নবীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত।
সংঘর্ষের সময় ভাংচুর হয় জাতীয় স্মৃতিসৌধের সামনের পর্যটন কর্পোরেশনের রেস্তোরাঁ 'জয়'। আহতদের মধ্যে রেস্তোরাঁর কয়েকজন কর্মীও রয়েছেন।
শনিবার সকালে জয় রেস্তোরাঁয় এ সংঘাত বাধে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সংঘর্ষের জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করছে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান দুই মাস আগে মিজানুর রহমান মিজানকে আহ্বায়ক করে আশুলিয়া থানা বিএনপির কমিটি ঘোষণা করে।
এরপর সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবুকে আহ্বায়ক করে পাল্টা একটি কমিটি করে স্থানীয়রা। সে থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সভা, সংবাদ সম্মেলন চলে আসছিলো। সে বিরোধের জের ধরেই ঘটে শনিবারের দুর্ঘটনা।
'জয়'র প্রধান পরিবেশক মাসুম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে মিজানের সমর্থক ৩০/৩৫ জন লোক রেস্তোরাঁর নিচ তলায় বসে গল্প করছিলো। ১০টার দিকে মটর সাইকেল, প্রাইভেটকার নিয়ে সালাউদ্দিনের ৪০/৫০ জন সমর্থক রেস্তোরাঁয় ঢুকে। রেস্তোরাঁয় চেয়ারে বসা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় আধা ঘণ্টার সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয় বলে মাসুম জানিয়েছেন। তিনি নিজেও হামলার শিকার বলে জানান। সংঘর্ষের সময় রেস্তোরাঁর প্রথম ও দ্বিতীয় তলায় ব্যাপক ভাংচুর হয়। 'জয়'র ব্যবস্থাপক (হিসাব) মোসলেম উদ্দিন শিকদার জানান, রেস্তোরাঁর চেয়ার, টেবিল, জানালা-দরজার কাচসহ বিভিন্ন তৈজসপত্র ভেঙে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাব গিয়ে দুই পক্ষকে হটিয়ে দেয়। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা না হলেও আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান সাংবাদিকদের বলেছেন, সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আসলাম, কামাল চৌধুরী, আব্দুল গণি, সাগর, মনির হোসেন, আব্দুর রাজ্জাক, শহিদুল, কাদের মিয়া, নজরুল ইসলাম, আমিনুর, রেজা, পলাশ আহসান। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 'জয়'র কর্মী রয়েছেন পাহারাদার সাহাবুদ্দিন, আয়া সাজেদা বেগম ও মুক্তা বেগম।
সংঘর্ষের জন্য মিজান সমর্থকদের দায়ী করে সালাউদ্দিন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে আমরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করি। আমার দলের নেতা-কর্মী ও সমর্থকরা 'জয়'-এ খেতে গিয়েছিলো। তখন মিজানের সন্ত্রাসী বাহিনী আমার লোকদের ওপর হামলা চালায়।"
বাবু বলছেন, ঘটনার সময় তিনি জয়-এ ছিলেন না। তবে মিজানের দাবি, বাবুর নেতৃত্বেই তার সমর্থকদের ওপর হামলা হয়।
মিজান বলেন, "থানা কমিটির সদস্য সংগ্রহ কর্মসূচি চালাচ্ছি আমরা। সকালে বিভিন্ন এলাকা ঘুরে আমরা জয় রেস্তোরাঁয় খেতে বসেছিলাম। তখন বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়।"
এ হামলা পরিকল্পিত দাবি করে তিনি বলেন, শুক্রবার রাতে জিরাব এলাকার দেওয়ান ফিলিং স্টেশনে বসে এ পরিকল্পনা করা হয়। তা জেনে আমি নিরাপত্তা চেয়ে আমি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
সংঘর্ষের ঘটনায় বাবুকে আসামি করে মামলা করবেন বলেও মিজান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১২ ঘ.
bdnews24