ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার বিকালে রাজধানীতে প্রতিবাদ-সমাবেশ ও মিছিল করবে প্রধান বিরোধী দল বিএনপি।
বিকাল সাড়ে ৩টায় মুক্তাঙ্গনে এই কর্মসূচি শুরু হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী জানিয়েছেন।
সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমাদের কর্মসূচিটি শান্তিপূর্ণ হবে। এতে বিএনপির অঙ্গ সংগঠনের মহানগর কমিটির নেতা-কর্মীরাও অংশ নেবেন।"
সমাবেশে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলেও তিনি জানান।
সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনচাপায় হতাহত ও নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে গত সাপ্তাহে বিএনপি কেন্দ্রীয়ভাবে তিন দফা কর্মসূচি দেয়। সর্বশেষ বৃহস্পতিবার দেশব্যাপী শোকসভার কর্মসূচি শেষে শনিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও মছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জের ঘটনায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় শোকসভা শেষে বিএনপি মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দেলোয়ার বলেন, ''সরকারের অবৈধ কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। সরকার যদি মনে করে খালি মাঠে একা গোল দিয়ে যাবে, কোনো প্রতিবাদ-প্রতিরোধ হবে না। তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে।''
এ সময় তিনি জানান, শনিবারের কর্মসূচির পর আরো কর্মসূচি ঘোষণা করা হবে।
সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদার দাবি, সিরাজগঞ্জের ঘটনা কোনো দুঘর্টনা নয়, সরকার পরিকল্পিতভাবে বিরোধীদলের কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দেয়।
অন্যদিকে সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগ বলছে, অনুমতি না নিয়ে রেললাইনের পাশে রেলওয়ের ভূমিতে জনসভা করাই ওই দুর্ঘটনার কারণ। এজন্য বিএনপির 'দায়িত্বহীন' আচরণকে দায়ী করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯৩৬ ঘ.
bdnews24