ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর রায় দিচ্ছে হাইকোর্ট।
খালেদার রিট আবেদনের শুনানি শেষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও শেখ হাসান আরিফের বেঞ্চ রায় দেওয়া শুরু করে। দুপুর ১টার সময় মধ্যাহ্ন বিরতির পর ২টা থেকে আবার রায় পড়া শুরু হয়।
খালেদার পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি টিএইচ খান, রফিক উল হক ও মওদুদ আহমদ। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়।
রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৭ মে হাইকোর্ট ওই নোটিশের কার্যক্রম স্থগিত করে।
গত ৬ জুন রিট আবেদনটির ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু করে হাইকোর্ট। পরে গত ২৩ অগাস্ট সরকারের কাছে সেনানিবাসের বাড়ির ইজারা সংক্রান্ত যাবতীয় নথি তলব করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩২৪ ঘ.
bdnews24