২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রসমাজকে আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন খালেদা

এ সরকারের পায়ের নিচে মাটি নেই মন্তব্য করে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ সরকারের পায়ের নিচে মাটি নেই মন্তব্য করে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে সংলগ্ন মাঠে সোমবার বিকালে এক ছাত্র-গণজমায়েতে বিএনপি চেয়ারপার্সন খালেদা বলেন, "দেশের কোনো কিছুই চলছে না। ব্যর্থ সরকারকে হটাতে ছাত্র সমাজকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আমরা যে কর্মসূচি দেব, তাতে তোমরা শরিক হবে।" ছাত্র-গণ জমায়েত শুরুর আগে দিনাজপুর থেকে আসা একটি আন্তঃনগর ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের ছাত্রদলকর্মী দাবি করে এ ঘটনার জন্য সরকারকে অভিযুক্ত করেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের ২০তম শাহাদাৎবার্ষিকী এ সমাবেশ হয়। ১৯৯০ সালের ১০ অক্টোবর ঢাকায় স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে জেহাদ নিহত হন। চলতি বছরের ১২ মে বরিশালে বিভাগীয় জনসমাবেশের পর এটি খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সমাবেশ। এর আগে সকাল ১১টার দিকে খালেদার গাড়িবহর ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা থেকে সিরাজগঞ্জের ছাত্র-গণজমায়েত পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় স্বাগত তোরণ। দুপুর ২টায় খালেদা জিয়া বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে যমুনা রিসোর্টে যাত্রাবিরতি করেন। পরে বিকাল ৪টা ২০ মিনিটে খালেদা জিয়া সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সায়েদাবাদ রেলওয়ে মাঠে সমাবেশস্থলে আসেন। '২২ মাসে কোনো অর্জন নেই' খালেদা তার ৫০ মিনিট স্থায়ী বক্তব্যে সরকারের কঠোর সমলোচনা করেন। তিনি সমাবেশ স্থলে ট্রেন দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে অভিযোগ করেন, "আজকের সমাবেশ বানচাল করতেই ইচ্ছাকৃতভাবে সরকার এই দুর্ঘটনা ঘটিয়েছে।" তিনি নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বর্তমান সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "২২ মাসের শাসনামলে তাদের কোনো অর্জন নেই্। জনগণের কাছে দেওয়া কোনো প্রতিশ্র"তি তারা রক্ষা করতে পারেনি।" "তাদের অর্জন টেন্ডারবাজি, নির্যাতন-মামলা-হামলা, হত্যা-গুম, নামবদল, দখলবাজি, চাপাবাজি," বলেন তিনি। সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানের উক্তি সমর্থন করে খালেদা জিয়া বলেন, "এ বাজিকরদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাদের হাতে দেশের শাসনক্ষমতা থাকলে উন্নয়ন হবে না। দেশে শান্তি আসবে না।" ছাত্রসমাজকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে লেখা-পড়ার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে খালেদা বলেন, "তোমাদের প্রথম কাজ হবে লেখা-পড়া করা। এর পাশাপাশি দেশের স্বার্থে আমাদের দেওয়া কর্মসূচিতে শরিক হবে। আমাদের কর্মসূচি হবে নিয়মান্ত্রিক ও শান্তিপূর্ণ।" 'স্বৈরাচার হঠানোর শপথ' সমাবেশে জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খালেদা। "গণতন্ত্র প্রতিষ্ঠায় জেহাদসহ অনেকে জীবন দিয়েছে," উল্লেখ করে তিনি বলেন, "আজকের আমাদের শপথ নিতে হবে, এক স্বৈরাচারকে যেভাবে হঠানো হয়েছে, বর্তমান স্বৈরাচার সরকারকে সেভাবে হঠানো হবে।" বিদেশ থেকে বিনাদরপত্রে দলীয় লোকজনকে দিয়ে ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আনতে সংসদে বিশেষ আইন করা হয়েছে দাবি করে এর কঠোর সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিদ্যুতের সরবারহ বৃদ্ধিতে বিদ্যুৎ আমদানি, সরবারেহর একটি বিশেষ আইন পাশ হয় সংসদের গত অধিবেশনে। জনপ্রশাসনে সরকারের দলীয়করণ নীতির ফলে যোগ্য ও উপযুক্ত কর্মকর্তাদের চাকরিচ্যুত ও ওএসডি করার কঠোর সমালোচনা করেন খালেদা। নতুন প্রজন্মকে আওয়ামী লীগের অপশাসন সর্ম্পকে অবহিত হওয়ার আহবান জানান তিনি। রিমান্ডে নিয়ে মিথ্যা স্বীকারোক্তির আদায় করা হচ্ছে দাবি করে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবিও জানান খালেদা। সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ ও নির্যাতনের করছে বলে অভিযোগ করেন তিনি। খালেদা সিরাজগঞ্জ তাঁত শিল্প রক্ষায় সুতার ওপর ভর্তুকি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি কৃষি উপকরণে ভর্তুকির দাবি জানান। গণজমায়েতে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকে দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। সমাবেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি স্থান পায়। সয়দাবাদের মাঠের চারপাশের ঝাড়গাছের ওপরও মানুষের উপস্থিতি দেখা গেছে। 'মুখোশ পরে হত্যা করছে আওয়ামী লীগ' নাটোরের বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার জন্য সরকারি দলকে দায়ী করে খালেদা বলেন, "আওয়ামী লীগ মুখোশ পরে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করছে। কিভাবে নাটোরে চাপাতি-কুড়াল দিয়ে বাবুকে হত্যা করা হয়েছে তা দেশবাসী দেখেছে।" নাটোরে গামা হত্যা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামিদের ছেড়ে দেওয়াসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা তুলে নেওয়ার সমালোচনা করেন খালেদা। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও যুগ্ম মহাসচিব জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমান উল্লাহ আমান বক্তব্য দেন। সমাবেশের শুরু আগে ট্রেনের ঘটনায় সমাবেশের কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপিকা সারোয়ারি রহমান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, উপদেষ্টামণ্ডলির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সারোয়ার, এম ইলিয়াস আলী, স্থানীয় সাংসদ রুমানা মাহমুদ, শাম্মী আখতার, হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা আবুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাদিম মোস্তফা, হাবিবুল ইসলাম হাবিব, যুব দলের সাইফুল আলম নিরব, মোরতাজুল করিম বাদরু, আকম মোজ্জাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের হাবিবউন নবী খান সোহেল, শরফত আলী সপু, জেহাদের বড় বোন খন্দকার চামেলি মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম। সমাবেশের পরপরই খালেদা জিয়ার নাটোরের উদ্দেশ্যে রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪৬ ঘ.