২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি: রিট আবেদনের রায় ১৩ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর আগামী ১৩ অক্টোবর রায় দেবে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 10:44 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর আগামী ১৩ অক্টোবর রায় দেবে হাইকোর্ট। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও শেখ হাসান আরিফের বেঞ্চ বুধবার রিট আবেদনটির ওপর শুনানি শেষে রায়ের এ তারিখ ঠিক করেছে। খালেদার পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি টিএইচ খান, রফিক উল হক ও মওদুদ আহমদ। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে একটি রিট আবেদন করেন। পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৭ মে হাইকোর্ট ওই নোটিশের কার্যক্রম স্থগিত করে। গত ৬ জুন রিট আবেদনটির ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু করে হাইকোর্ট। পরে গত ২৩ অগাস্ট সরকারের কাছে সেনানিবাসের বাড়ির ইজারা সংক্রান্ত যাবতীয় নথি তলব করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬৪৫ ঘ.