২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য বিভাগে 'নিয়োগ বাণিজ্য' বন্ধের দাবি

শরীয়তপুর স্বাস্থ্য বিভাগে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে জেলা আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

শরীয়তপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর স্বাস্থ্য বিভাগে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে জেলা আওয়ামী লীগ। রোববার রাতে দলের জেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শরীয়তপুরে স্বাস্থ্য বিভাগের ৮৪টি পদের বিপরীতে দুই হাজার ৯৭১ জন লিখিত এবং এক হাজার ৮৯১ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত শুক্রবার মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এনিয়ে অকৃতকার্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শহরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের সভায় জেলা সভাপতি ও পৌর মেয়র আবদুর রব মুন্সী জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন। বক্তারা তারা এই নিয়োগ পরীক্ষার ফল বাতিল ও সিভিল সার্জনসহ 'নিয়োগ বাণিজ্যে'র সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করেন। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়। সভায় আবদুর রব মুন্সী বলেন, "এই সরকারের আমলে আমাদের নেতা-কর্মীদের চাকরি দিতে হবে। সিভিল সার্জন আমাদের নেতা-কর্মীদের চাকরি না দিয়ে টাকার বিনিময়ে অন্যদলের লোকদের চকরি দিচ্ছেন বলে আমরা খবর পেয়েছি।" জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবদুর রব মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন তোতা মাঝি, প্রচার সম্পাদক নুরুজ্জামান কোতোয়াল, জেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাহাড় প্রমুখ। এই নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছেন অকৃকার্য প্রার্থীরা। অকৃতকার্য প্রার্থীদের অভিযোগ, সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের হিসাবরক্ষক কামরুল ইসলাম বাদল ও আরো কয়েকজন এই নিয়োগে টাকা নিয়ে দুর্নীতি করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক অনল কুমার দে সাংবাদিকদের বলেন, ভেদরগঞ্জ উপজেলার সাতজন প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকা নিয়ে চাকরি দিতে ব্যর্থ হয়েছে হিসাবরক্ষক বাদল। তবে কামরুল ইসলাম বাদল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। সিভিল সার্জন ডা. গোলাম সারওয়ারও অভিযোগ অস্বীকার করে বলেন, "জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শ্যালককে চাকুরি না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.