চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান পুনঃমুদ্রণে নতুন প্রধান বিচারপতির আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, তার বক্তব্যে সংসদ এখন হুমকির মুখে।
তিনি শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, "প্রধান বিচারপতি সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন। কিন্তু তিনি নিজে যে বক্তব্য দিয়েছেন, তাতে সংসদ ও সংবিধানকে অকার্যকর করার মতো কাজ করেছেন।"
সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী সর্বোচ্চ আদালত বাতিল করার পর প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বৃহস্পতিবার সংবিধান পুনঃমুদ্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "পঞ্চম সংশোধনীর চূড়ান্ত রায়ের পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে গেছে। সংশোধনীসহ সংবিধান পুনঃমুদ্রণের জন্য সরকারের আইন মন্ত্রণালয়ের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।"
তার বক্তব্যের পর শনিবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সংবিধান সংশোধন করার এখতিয়ার জাতীয় সংসদ ছাড়া অন্য কারো নেই।
একই সুর ফুটে ওঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কণ্ঠেও। তিনি বলেন, "সংবিধান সংশোধনের কাজ সংসদেই করতে হবে। তা আদালতের হাতে দিলে গণতন্ত্র ব্যাহত হবে।"
সালাউদ্দিন কাদের বলেন, "মনে হচ্ছে বিচারপতির রায়ই সর্বোচ্চ। এক্ষেত্রে সংবিধান ও সংসদ তার কাছে কোনো বিষয়ই নয়।"
নগরীর রহমতগঞ্জের গুডস হিলে নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি আরো বলেন, "সরকারের নির্বাহী বিভাগের অনেক কাজেও এখন কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৮০২ ঘ.
bdnews24