২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান সংশোধনের এখতিয়ার কেবল সংসদের'

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সংবিধান সংশোধন করার এখতিয়ার জাতীয় সংসদ ছাড়া অন্য কারো নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সংবিধান সংশোধন করার এখতিয়ার জাতীয় সংসদ ছাড়া অন্য কারো নেই। শনিবার এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন। খোন্দকার দেলোয়ার বলেন, "সংবিধান প্রণয়ন ও সংশোধন করার একমাত্র ক্ষমতা জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের। এর বাইরে কারোরই সংবিধান সংশোধনের এখতিয়ার নেই।" বৃহস্পতিবার শপথ নেওয়ার পর প্রধান বিচারপতি খায়রুল হক সাংবাদিকদের বলেন, "পঞ্চম সংশোধনীর চূড়ান্ত রায়ের পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে গেছে। সংশোধনীসহ সংবিধান পূণর্মুদ্রনের জন্য সরকারের আইন মন্ত্রণালয়ের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।" ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়। সম্মেলনের শুরুতে পার্টির প্রতিষ্ঠাতা সাবেক তথ্য মন্ত্রী আনোয়ার জাহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জাতীয় সংসদের দীর্ঘ দিনের প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার সংবিধান সংশোধন বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, "আমি সাধারণ আইনজীবী। অনেক দিন সংসদের চিফ হুইপ ছিলাম, সংসদ সদস্য ছিলাম। সেই সুবাদে সংবিধান ও সংসদ সদস্যদের কাজ সম্পর্কে জানি। সংবিধান প্রণয়ন কীভাবে হবে, কে প্রণয়ন করবেন- তা সংবিধানেই বর্ণিত আছে।" "নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, বিয়োজনের এখতিয়ার রাখেন না বলে আমি মনে করি", বলেন দেলোয়ার। এ প্রসঙ্গে তিনি জানান, হাইকোর্টের একেক বেঞ্চ একেক রকম মতামত দিয়ে থাকেন। সংবিধানের ব্যাখ্যা সুপ্রিম কোর্টের অনেক প্রধান বিচারপতি দিয়েছেন। কিন্তু তা কোনোভাবে সংবিধানের অংশ নয়। সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধন হবে। 'আয়নায় নিজের চেহারা দেখুন'- শুক্রবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের এরকম মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "আমরা আমাদের চেহারা আয়নায় দেখছি। আপনারা ক্ষমতায় আছেন- নিজেদের চেহারা আয়নায় ভালোভাবে দেখতে পারছেন না। কারণ, যারা ক্ষমতায় থাকে তারা মেকআপ নিয়ে থাকেন বলে আসল চেহারা আয়নায় দেখতে পারেন না।" আওয়ামী লীগের বর্তমান ও বিগত শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, "তারা যতবার ক্ষমতায় ছিলো- দেশের জনগনের কোনো উন্নয়ন করেনি। দেশের কোনো উন্নতিও হয়নি। গ্রামে-গঞ্জে স্কুল-কলেজ-মাদ্রাসা, রাস্তা-ঘাট যা কিছুই দেখা যায় তার সবই বিএনপির শাসনামলে হয়েছে। এবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগনের কাছে দেওয়া প্রতিশ্র"তির কোনোটিই রক্ষা না করে বিদেশী প্রভুদের অঙ্গীকার বাস্তবায়ন করছে।" বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা, প্রশাসনের ওপর খবরদারি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কথা তুলে ধরে দেলোয়ার বলেন, "দেশের বর্তমান অবস্থার জন্য সরকারের হেডকোয়ার্টারই দায়ী। উনার ইংগিতে তার দল সর্বত্র অরাজক পরিস্থিতি সৃষ্টি করে লুটপাট করছে।" এ ব্যাপারে জাতীয়তাবাদী সমর্থিত দলগুলোকে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, "জনগনকে ঐক্যবদ্ধ করতে এক হয়ে কাজ করুন।" সংগঠনের সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় জমিয়াতুল ইসলামীর সভাপতি মাওলানা মহিউদ্দীন খান, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা, এনডিপি'র মহাসচিব আলমগীর মজুমদার প্রমূখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৫৪ ঘ.