ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে উপজেলা পর্যায়ে মাসব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি।
শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, "সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে উপজেলা সদরে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। জেলা নেতারা তাদের সংশ্লিষ্ট থানায় কখন কবে সমাবেশ করবেন, তা নির্ধারণ করছেন। তৃণমূল পর্যায়ে সরকার যে অগণতান্ত্রিক কার্যক্রম চালাচ্ছে সে সম্পর্কে জনগনকে অবহিত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।"
রিজভী জানান, সরকারের দমননীতি, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-মামলা-হামলা, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, অপহরণ-হত্যাকাণ্ড-গুম, প্রশাসনের ওপর সরকার দলীয় লোকজনের আক্রমন, দলীয়করণ ও দেশবিরোধী চুক্তির প্রতিবাদে এই কর্মসূচি হবে সারাদেশে উপজেলা পর্যায়ে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
রিজভী আরও জানান, দলের ৭৫টি সাংগঠনিক জেলা কমিটি নিজ নিজ জেলার থানা ও উপজেলায় এই কর্মসূচি সমন্বয় করবে।
এক প্রশ্নের জবাবে যুগ্ম মহাসচিব বলেন, "উপজেলা পর্যায়ে সর্বত্রই বিএনপির কমিটি রয়েছে। জেলা কমিটি কেবল কর্মসূচি সমন্বয় করবে। এই কর্মসূচির বিষয়ে ইতিমধ্যে দল থেকে জেলা ও উপজেলা কমিটিকে জানানো হয়েছে।"
২১ সেপ্টেম্বর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৪২ ঘ.
bdnews24