২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে অতীত মনে করিয়ে দিলেন কাদের

এবিএম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ করা নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিলেন আওয়ামী লীগ নেতা ওবায়েদুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 08:32 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবিএম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ করা নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিলেন আওয়ামী লীগ নেতা ওবায়েদুল কাদের। বিএনপির সময়ে বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, ঢিল ছোড়ার আগে ভেবে দেখুন। কয়েকদিন আগেই খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ দেয় সরকার। প্রধান বিরোধী দল বিএনপি মনে করছে, খায়রুল হককে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতেই আওয়ামী লীগের এ পদক্ষেপ। কারণ আপিল বিভাগে তার জ্যেষ্ঠ আরো দুজন বিচারপতি রয়েছেন, যাদের উপেক্ষা করেছে সরকার। আইন অনুযায়ী, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে অগ্রাধিকার পান। আগামী নির্বাচনের আগে খায়রুল হক অবসরে যাওয়ার কথাটি তুলে ধরে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতেই তাকে প্রধান বিচারপতি করেছে। দেলোয়ারের বক্তব্যের জবাবে কাদের শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বলেন, "ব্যক্তি কোনো বিষয় নয়। আপনারা বিচারপতি কেএম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের বয়স ৬৫ থেকে ৬৭ বছর করেছিলেন, সে কথা কি মনে নেই? কাচের ঘরে ঢিল ছোড়ার আগে নিজেরা ভেবে দেখুন।" বিএনপির সময়ে বিচারপতিদের বয়সসীমা বাড়ানোয় বিচারপতি কেএম হাসানের প্রধান উপদেষ্টা হওয়ার পথ তৈরি হয়। এর সমালোচনা করে কেএম হাসানের প্রতি অনাস্থা জানায় তখনকার বিরোধী দল আওয়ামী লীগ। এক পর্যায়ে কেএম হাসান দায়িত্ব নিতে রাজি না হলে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এই প্রেক্ষাপটে দেশে সংঘাত নেমে আসে, আর তারই এক পর্যায়ে জারি হয় জরুরি অবস্থা। সেনাবাহিনীর সমর্থনে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত হয় আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়েদুল কাদের ফখরুদ্দীন সরকারেরও সমালোচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি আপৎকালীন সরকার। তাদের রুটিন ওয়ার্ক ও নির্বাচন করা ছাড়া অন্য কোনো কাজ করার এখতিয়ার নেই। কিন্তু বিগত তত্ত্ববধায়ক সরকার অনেক কিছুই করেছে। "তাই এ সরকার ব্যবস্থাকে ত্র"টিমুক্ত করার জন্য ঢেলে সাজানোর প্রয়োজন বলে মনে করি", বলেন কাদের। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ তুলে দিতে চায় না বলে জানান তিনি। কাদের বলেন, "ইতোমধ্যে প্রধানমন্ত্রী নিউইর্য়কে এক সভায় বলেছেন, এ সরকার ব্যবস্থায় কোনো পরিবর্তন করা হবে না।" সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা বিভিন্ন রাজনৈতিক নেতা করে আসছেন। ওই সময় অনেক রাজনীতিকের মতো ওবায়েদুল কাদেরও গ্রেপ্তার হয়েছিলেন। ওবায়েদুল কাদের বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে বলেন, "প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংসদে ফিরে আসুন।" পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা বলেন, "তাদের সরকারের আমলে দেশজুড়ে বোমা হামলা, শেখ হাসিনার ওপর হামলাসহ নানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তখন তারা তো পদত্যাগ করেননি।" আফগানিস্তানে সৈন্য পাঠানো প্রসঙ্গে কাদের বলেন, "মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে। তবে তা ঠাণ্ডা মাথায় জাতীয় নিরাপত্তার স্বার্থে ভেবে দেখতে হবে।" 'গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিহিংসার রাজনীতি পরিহার' শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন জনতার প্রত্যাশা। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪২৫ ঘ.